ফুলছড়ি (গাইবান্ধা) সংবাদদাতা
গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও দলের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বৃহস্পতিবার তার নির্বাচনী এলাকা ফুলছড়ি উপজেলায় গণসংযোগ করেছেন।
বিকেলে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের একাডেমি শহীদ মিনার এলাকায় আয়োজিত এক পথসভায় তিনি বক্তব্য দেন। এ সময় ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘আগামী নির্বাচনের পর সরকার যেই সরকার গঠন করুক না কেন, দেশে অস্থিরতা ও সহিংস পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের জানমাল ও নিরাপত্তা রায় একটি শক্তিশালী রাজনৈতিক কণ্ঠস্বর প্রয়োজন।’ তিনি বলেন, ‘এ নিরাপত্তা আমি আপনাদের দিতে পারব ইনশা আল্লাহ। আপনারা লাঙল মার্কায় ভোট দিলে আমি সুশাসন ও উন্নয়ন উপহার দেবো।’
ফুলছড়ি উপজেলা জাতীয় পার্টির সভাপতি শফিউল ইসলাম চাঁনের সভাপতিত্বে এবং জেলা যুব সংহতির সভাপতি একেএম নুরুন্নবী সরকার মিথুনের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন, গাইবান্ধা জেলা জাতীয় পার্টির সভাপতি সরোয়ার হোসেন শাহীন, ফুলছড়ি উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া সবুজ, কঞ্চিপাড়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি খাজা মিয়া, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, উড়িয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল মোত্তালেব, সাধারণ সম্পাদক শফি আলম, ফুলছড়ি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবু সামা, এরেন্ডাবাড়ী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবু রায়হান, উদাখালী ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক পবন চন্দ্র বর্মনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।



