বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেছেন, মোটরসাইকেল বিক্রেতাকে গ্রাহককে বিএসটিআই অনুমোদিত দু’টি হেলমেট উপহার হিসেবে দিতে হবে। আমরা এই বিষয়ে গত সপ্তাহে একটি সার্কুলার করে দিয়েছি। সড়কে শতকরা ৩২ ভাগ তরুণই মোটরসাইকেল দুর্ঘটনায় আহত-নিহত হচ্ছে। আমাদের আরো সচেতন হতে হবে। তরুণ প্রজন্ম আমাদের দেশের সম্পদ। তাদেরকে দক্ষ করে মানবসম্পদে পরিণত করতে হবে।
গতকাল কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত বিআরটিএর ট্রাস্টি বোর্ড কর্তৃক কুমিল্লা ও ফেনী জেলায় সংগঠিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিআরটিএর কুমিল্লা সার্কেলের সহকরী পরিচালক মো: ফারুক আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান, অতিরিক্ত জেলা প্রশাসক সুলতানা রাজিয়া। আরো বক্তব্য রাখেন- কুমিল্লা জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার কামরুল হাসান, কুমিল্লা জেলা সড়ক পরিবহন বাস মালিক গ্রুপের পক্ষে অধ্যক্ষ কবির আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন বআরটিএ’র চট্টগ্রাম বিভাগের পরিচালক মো: মাসুদ আলম।
অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কুমিল্লার ৪৬টি পরিবার ও ফেনী জেলার দু’টি পরিবারের মধ্যে দুই কোটি ২৪ লাখ টাকার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কুমিল্লা কালেক্টরেট জামে মসজিদের ইমাম কারি কাউছার আল হামীদ মাদানী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফরহাদ হোসাইন জারিফ। বিজ্ঞপ্তি।



