রয়টার্স
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চংকিং পৌরসভায় প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে এবং এখনো ১১ জন নিখোঁজ রয়েছেন বলে গতকাল সোমবার জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি।
রাষ্ট্রীয় গণমাধ্যমের আগের খবর অনুযায়ী, শনিবার রাতভর আকস্মিক ও রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের কারণে ইয়ংচুয়ান জেলার বেশ কয়েকটি এলাকা এবং গ্রাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছিল। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ভারী বৃষ্টিপাতের কারণে ওই এলাকায় পাহাড়ি ঢল ও ভূমিধসের সৃষ্টি হয়েছে এবং এর ফলে দুই হাজারেরও বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এর আগে গত সপ্তাহের শুরুর দিকে মধ্য ও দক্ষিণ-পশ্চিম চীনের বিস্তীর্ণ অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া তীব্র বৃষ্টিপাতের কারণে ডজনখানেক মানুষের মৃত্যু হয়েছিল।



