১ জনের এনআইডিতে অন্যজনের পাসপোর্ট

Printed Edition

মো: সাজ্জাতুল ইসলাম ময়মনসিংহ

ময়মনসিংহের নান্দাইলে এক ব্যক্তির জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে অন্য একজনের নামে পাসপোর্ট ইস্যুর অভিযোগ উঠেছে। অভিযোগের সত্যতা মিললে এটি শুধু পরিচয় জালিয়াতির ঘটনাই নয়, বরং জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট যাচাই ব্যবস্থার নিরাপত্তা নিয়েও গুরুতর প্রশ্ন তৈরি করবে।

ভাটি সাভার গ্রামের বাসিন্দা তোফায়েল আহামেদ (২৪) অভিযোগ করেন, তার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর এবং পিতা-মাতার পরিচয় ব্যবহার করে অজ্ঞাত ব্যক্তি পাসপোর্ট তৈরি ও গ্রহণ করেছেন। বিষয়টি জানতে পেরে তিনি ময়মনসিংহ বিভাগীয় পাসপোর্ট অফিসে লিখিত অভিযোগ দিয়েছেন এবং ভবিষ্যতে কোনো ধরনের আইনি জটিলতা এড়াতে কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার উদ্যোগ নিয়েছেন।

তোফায়েল জানান, গত ২৬ জুলাই নতুন ই-পাসপোর্টের আবেদন করতে গিয়ে বায়োমেট্রিক তথ্য দেয়ার সময় কর্মকর্তারা তাকে জানান, তার নামে আগেই একটি পাসপোর্ট ইস্যু হয়েছে। এ কারণে তার নতুন আবেদন স্থগিত করা হয়। অভিযোগ অনুযায়ী, সংশ্লিষ্ট পাসপোর্টটি ২০২৪ সালের ৪ নভেম্বর পশ্চিম ঢাকার একটি পাসপোর্ট অফিস থেকে গ্রহণ করা হয়েছে। তবে পাসপোর্টে নাম ‘তোফায়েল আহামেদ’ থাকলেও গ্রহণকারীর স্বাক্ষরে ‘টুপায়েল’ লেখা রয়েছে।

ভুক্তভোগী তোফায়েল আহামেদ বলেন, ‘আমি কখনো পাসপোর্টের আবেদন করিনি। অথচ আমার পরিচয় ব্যবহার করে অন্য কেউ পাসপোর্ট নিয়েছে। পরিচয় নিরাপত্তা সংশ্লিষ্টদের মতে, এ ধরনের অভিযোগ সত্য হলে তা অত্যন্ত উদ্বেগজনক। কারণ অন্যের পরিচয়ে পাসপোর্ট ইস্যু হলে মানবপাচার, অর্থপাচার, আন্তর্জাতিক অপরাধসহ বিভিন্ন অপরাধে এর অপব্যবহারের ঝুঁকি তৈরি হতে পারে। ময়মনসিংহ বিভাগীয় পাসপোর্ট অফিসের উপপরিচালকের কার্যালয়ের ইনচার্জ শামীম আহম্মেদ বলেন, ‘আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।’