সরকারি বরাদ্দ বণ্টনে বৈষম্য করা যাবে না : এ টি এম আজহারুল

Printed Edition

বদরগঞ্জ (রংপুর) সংবাদদাতা

রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, বিশেষ কোনো ধর্ম কিংবা রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে সরকারি বরাদ্দ থেকে বঞ্চিত করায় আমি বিশ্বাসী নই। সরকারি বরাদ্দ যে ব্যক্তি বা প্রতিষ্ঠান পাওয়ার যোগ্য, তার কাছেই তা পৌঁছে দিতে হবে। আমরা একটি ইনসাফপূর্ণ বাংলাদেশ চাই।

মঙ্গলবার বদরগঞ্জ উপজেলার কালুপাড়া ইউনিয়নের গুটিরডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় এবং ক্রীড়াসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মতবিনিময় অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয় ও মাদরাসার শিক্ষকরা তাদের শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং উন্নয়নের জন্য বিভিন্ন দাবি ও প্রস্তাব পেশ করেন। এ সময় তারা বিগত সরকারের আমলে বিভিন্নভাবে বঞ্চিত হওয়ার অভিযোগ করেন। শিক্ষকরা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন মানেই এলাকার মানুষ ও দেশের উন্নয়ন। তাই শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সরকারি বরাদ্দ বাড়ানোর দাবি জানান তারা।

প্রধান অতিথির বক্তব্যে এ টি এম আজহারুল ইসলাম বলেন, গত দেড় দশকে বাংলাদেশ থেকে প্রায় ১৭ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। অনেকেই বলেন বাংলাদেশ গরিব দেশ। তবে আমি এটি মানতে রাজি নই। বাংলাদেশের আসল সমস্যা দুর্নীতি। দুর্নীতি না হলে বাংলাদেশ আজ সিঙ্গাপুর বা মালয়েশিয়ার চেয়েও বেশি উন্নত হতে পারত।

তিনি বলেন, আমি জানি আপনারা গত ১৭ বছরে বিভিন্নভাবে বৈষম্যের শিকার হয়েছেন এবং সরকারি বরাদ্দের ক্ষেত্রে অনেকে তাদের প্রাপ্য সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। তবে আমি একটি ওয়াদা করেছি- অবৈধ বা দুর্নীতির একটি টাকাও আমার পেটে ঢুকবে না। সরকারি বরাদ্দ কিংবা বিভিন্ন এনজিওর মাধ্যমে যে সহযোগিতা আনা সম্ভব হবে, তা যেখানে বা যে ব্যক্তি-প্রতিষ্ঠান পাওয়ার যোগ্য, সেখানেই পৌঁছে দেয়া হবে, ইনশা আল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আপনাদের খেদমত করতে পারি।

তিনি বলেন, সরকারি বরাদ্দ বণ্টনের ক্ষেত্রে ধর্ম কিংবা রাজনৈতিক পরিচয় কোনোভাবেই বৈষম্যের কারণ হতে পারে না। যোগ্যতা ও প্রয়োজনের ভিত্তিতে সবার অধিকার নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বদরগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমির শাহ মুহাম্মাদ রুস্তম আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পরে এ টি এম আজহারুল ইসলাম মধুপুর ইউনিয়নের ময়নাকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে আরো একটি মতবিনিময় সভায় অংশ নেন।

এদিন অনুষ্ঠিত দু’টি পৃথক কর্মসূচিতে বদরগঞ্জ উপজেলার মোট ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে ফুটবলসহ ক্রীড়া সামগ্রী তুলে দেন এ টি এম আজহারুল ইসলাম এমপি।