সিরিয়ার সেনাবাহিনীতে একীভূত হতে সম্মত কুর্দি বাহিনী

আলজাজিরা
Printed Edition

সিরিয়ার কুর্দি নেতৃত্বাধীন বাহিনী এসডিএফ সরকারিভাবে সেনাবাহিনীর সাথে একীভূত হওয়ার ব্যাপক চুক্তিতে পৌঁছেছে। দামেস্কের অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রতি উত্তরাঞ্চলে এসডিএফের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল। তবে গত সপ্তাহের যুদ্ধবিরতি ধীরে ধীরে রূপ নেয় সেনাবাহিনীতে কুর্দি বাহিনীকে ধাপে ধাপে অন্তর্ভুক্ত করার চুক্তিতে। গতকাল শুক্রবার এসডিএফ এ ঘোষণা দেয়।

এর পর সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনও চুক্তি নিশ্চিত করে। এতে বলা হয়, কুর্দি প্রশাসনিক প্রতিষ্ঠানগুলোও ধীরে ধীরে রাষ্ট্রীয় কাঠামোর সাথে একীভূত হবে এবং তা অবিলম্বে কার্যকর করা হবে। চুক্তির আগে গত তিন সপ্তাহে সেনারা উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বহু এলাকা এসডিএফের কাছ থেকে দখল করে নেয়। এ অগ্রগতি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নেতৃত্বকে আরো সুসংহত করেছে।

চুক্তি অনুযায়ী, এসডিএফ বাহিনী ফ্রন্টলাইন থেকে সরে যাবে। সেনারা হাসাকা ও কামিশলি শহরের কেন্দ্রে মোতায়েন হবে। স্থানীয় নিরাপত্তা বাহিনীও একীভূত হবে। তিনটি এসডিএফ ব্রিগেড নিয়ে একটি নতুন সামরিক ডিভিশন গঠন হবে। এ ছাড়া কোবানি শহরে থাকা আরেকটি ব্রিগেড আলেপ্পো গভর্নরের অধীনে যাবে। কুর্দি নেতৃত্বাধীন প্রশাসনিক প্রতিষ্ঠানগুলোও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সাথে একীভূত হবে।

ঐতিহাসিক মাইলফলক

একসময় সিরিয়ার এক-চতুর্থাংশ এলাকা নিয়ন্ত্রণে রাখা এসডিএফের ভবিষ্যৎ দেশটির বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল। শারার নেতৃত্বে ২০২৪ সালের ডিসেম্বরে আসাদকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই এ নিয়ে আলোচনা চলছিল। গত মার্চে কুর্দি রাজনৈতিক ও সামরিক প্রতিষ্ঠানগুলোকে রাষ্ট্রীয় কাঠামোয় অন্তর্ভুক্ত করার প্রাথমিক চুক্তি হলেও তা বাস্তবায়নে অগ্রগতি হয়নি। ফলে সেনারা নতুন করে অভিযান শুরু করে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সিরিয়া বিষয়ক দূত টম ব্যারাক শুক্রবারের চুক্তিকে ‘ঐতিহাসিক মাইলফলক’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, এটি অন্তর্ভুক্তি, পারস্পরিক সম্মান ও সব সম্প্রদায়ের মর্যাদা রক্ষার প্রতিশ্রুতি বহন করে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এ অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি শারার সাথে ফোনালাপে সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষার প্রতিশ্রুতি শোনেন।