এনসিসি ব্যাংক সম্প্রতি দেশের বিভিন্ন নির্বাচিত খুচরা মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর পরিষেবা চালু করেছে। দেশজুড়ে ক্যাশলেস ও ডিজিটাল লেনদেনের পরিধি বাড়ানো এবং গ্রাহকদের জন্য সহজ, দ্রুত ও নিরাপদ পেমেন্ট সুবিধা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন উত্তরার সোনারগাঁও জনপথ রোড, টঙ্গী চেরাগ আলী বাস স্ট্যান্ড সংলগ্ন সিরামিক মার্কেট ও সাভার নিউ মার্কেটের প্রায় ২০০টি খুচরা মার্চেন্টে বাংলা কিউআর চালুর মাধ্যমে এ সেবার শুভ উদ্বোধন করেন।
এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: হাবিবুর রহমান, এসইভিপি (করপোরেট ব্যাংকিং) মোহাম্মদ তারিকুল আমিন, ইভিপি ও হেড অব অপারেশনস্ এ কে এম জাহিদুল আলম, এসভিপি ও আউটর্স্কাট ঢাকা অঞ্চলের প্রধান মো: জসিমউদ্দিন, এসভিপি ও হেড অব এস এমই শরীফ মোহাম্মদ মহসীন, এসভিপি ও হেড অব আইসিটি মো: সাজ্জাদুল ইসলাম, ভিপি ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন সেল মো: আনিসুর রহমান মজুমদার, হেড অব রিটেইল বিজনেস ইউনিট, ডিএফএস বিজনেস অ্যান্ড বাংলা কিউআর এস এম তানভীর হাসানসহ ব্যাংকের ঊর্ধ্বতর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলা কিউআরের মাধ্যমে গ্রাহকরা যেকোনো ব্যাংক বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অ্যাপ ব্যবহার করেই খুব সহজে পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। অন্য দিকে মার্চেন্টরা একটি অভিন্ন কিউআর কোডের মাধ্যমে আন্তঃব্যাংক ডিজিটাল পেমেন্ট গ্রহণ করতে সক্ষম হবেন। এতে নগদ টাকা বহন ও ব্যবহারের ঝুঁকি যেমন কমবে, তেমনই প্রতিটি লেনদেনের ডিজিটাল রেকর্ডও থাকবে নথিভুক্ত। বিজ্ঞপ্তি।



