মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে : ট্রাম্প

Printed Edition

দ্য টেলিগ্রাফ

সমর্থকদের উদ্দেশে ৮০ বছর বয়সী ট্রাম্প বলেন, ‘আমাকে অভিশংসিত করা হবে। তারা আমাকে অভিশংসিত করবে। কেন করবে, সে সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই।’ ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, আগামী নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা হেরে গেলে তাকে অভিশংসিত করা হবে।

সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণার সময় মার্কিন প্রেসিডেন্ট তার সমর্থকদের সতর্ক করে বলেন, তার মেয়াদের শেষ দুই বছরে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিলে তারা ‘সব কিছু হারাবে’। শুক্রবার ট্রাম্প নির্বাচনের সম্ভাব্য ফলাফল নিয়ে অস্বাভাবিকভাবে কঠোর ভাষায় কথা বলেন। কারণ তিনি আইন পাস করাতে পারবেন না এবং নিজের অনুগত কংগ্রেসের ওপরও নির্ভর করতে পারবেন না বলে আশঙ্কা করছেন। মার্টল বিচে এক সমাবেশে সমর্থকদের উদ্দেশে ৮০ বছর বয়সী ট্রাম্প বলেন, ‘আমাকে অভিশংসিত করা হবে। তারা আমাকে অভিশংসিত করবে। কেন করবে, সে সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই।’ যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্পই একমাত্র ব্যক্তি, যাকে দু’বার অভিশংসিত করা হয়েছে। তবে দুইবারের কোনোটিতেই তাকে পদ থেকে সরানো সম্ভব হয়নি।

অনেক ডেমোক্র্যাট প্রকাশ্যেই ট্রাম্পকে তৃতীয়বারের মতো অভিশংসনের পক্ষে অবস্থান নিয়েছেন। তার দ্বিতীয় মেয়াদে অন্তত তিনজন ডেমোক্র্যাট আইনপ্রণেতা তার বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাবও উত্থাপন করেছেন। তবে এখন পর্যন্ত তাতে তেমন কোনো ফল হয়নি।

তবে ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে, প্রেসিডেন্টকে অভিশংসন করা হবে কি না- এ নিয়ে ডেমোক্র্যাটদের মধ্যেই মতভেদ রয়েছে। দলের কেউ কেউ আশঙ্কা করছেন, এর ফলে ভোটারদের বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে। আবার কেউ কেউ মনে করছেন, এর ফলে দ্রব্যমূল্য কমানোর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আড়ালে পড়ে যেতে পারে। অতীতে মধ্যবর্তী নির্বাচন নিয়ে ট্রাম্পকে বেশ নির্লিপ্ত মনে হয়েছে। এই নির্বাচনে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ফিরে পাবে- এমন পূর্বাভাসই ব্যাপকভাবে দেয়া হচ্ছে।