নয়া দিগন্ত ডেস্ক
দেশে হাম ও উপসর্গ নিয়ে সোমবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরো সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে একজন এবং উপসর্গে ছয়জন মারা গেছে। তাদের মধ্যে হাম শনাক্ত হয়ে ঢাকায় শিশুটি মারা গেছে। আর উপসর্গে মারা যাওয়া শিশুদের মধ্যে ঢাকা বিভাগে চারজন ও সিলেট বিভাগের দুই শিশু রয়েছে।
একই সময় নতুন করে হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৯০ জন। এর মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১২২ শিশুর, আর উপসর্গ মিলেছে ৮৬৮ শিশুর। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গ নিয়ে গতকাল পর্যন্ত সারা দেশে মোট ৭৬৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯৫ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৭১ জন।
একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে এক লাখ ১৩ হাজার ২৪৪ শিশুর। আর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ১৩ হাজার ৭৩৫ শিশুর। মোট হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে এক লাখ ২৬ হাজার ৯৭৯ শিশু।
এ ছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৬ হাজার ২৭ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছে ৯২ হাজার ৩৮৩ জন।
সিলেটে আরো ২ শিশুর মৃত্যু
সিলেট ব্যুরো জানান, সিলেট বিভাগে নতুন করে হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যাওয়া চার মাসের শিশু আয়ান সুনামগঞ্জের বিশ^ম্ভরপুর উপজেলার এবং সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যাওয়া সাত মাসের শিশু নাফি গোয়াইনঘাট উপজলার বাসিন্দা। এ নিয়ে সিলেট বিভাগে হামে ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫ জনে।
এ দিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ল্যাব পরীক্ষায় কারো হাম শনাক্ত না হলেও এই সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৫৪ জন।
গতকাল এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।
বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় সূত্র জানিয়েছে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ২৫৩ জন।



