নিজস্ব প্রতিবেদক
ঈদের প্রধান জামাত আদায়ে জাতীয় ঈদগাহের প্রস্তুতি প্রায় শেষপর্যায়ে রয়েছে। সকাল সাড়ে ৭টায় দেশের প্রধান এ ঈদ জামাতে প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেবেন। মোট ১২১টি কাতারে প্রায় ৩৫ হাজার মুসল্লি এখানে একসাথে নামাজ আদায় করতে পারবেন। নারীদের জন্য আলাদা প্রবেশপথ, ওজুখানা ও নামাজের বিশেষ ব্যবস্থা করা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে বেশ কিছুদিন ধরে ঈদের প্রধান জামাত আদায়ে জাতীয় ঈদগাহ প্রস্তুত করা হচ্ছে। মুসল্লিদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে পুরো প্যান্ডেলে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, পর্যাপ্ত ফ্যান, ওজুখানা, বিশুদ্ধ পানি, ভ্রাম্যমাণ টয়লেট এবং প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া নি-িদ্র নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলাবাহিনীর সাথে প্রয়োজনীয় সমন্বয় সম্পন্ন হয়েছে।
গতকাল ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম প্যান্ডেল নির্মাণসহ সামগ্রিক কাজ পরিদর্শন করেন। পরে এক সংবাদ সম্মেলনে তিনি ডিএসসিসির পক্ষ থেকে ঈদের প্রধান জামাতের প্রস্তুতি এবং কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন। প্রশাসক বলেন, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নগরবাসীকে একটি পরিচ্ছন্ন ও আনন্দময় ঈদ উপহার দিতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা : প্রশাসক জানান, কোরবানির বর্জ্য দ্রুত অপসারণের লক্ষ্যে ডিএসসিসি একটি সুসংগঠিত কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। ঈদের দিন বেলা দেড়টায় কলাবাগান এসটিএস থেকে আনুষ্ঠানিকভাবে মাতুয়াইল ল্যান্ডফিলে বর্র্জ্য পরিবহন শুরু হবে। লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, প্রথম দিনের বর্জ্য পরবর্তী আট ঘণ্টার মধ্যে অর্থাৎ রাত সাড়ে ৯টার মধ্যেই অপসারণ করা হবে। এ বছর তিন দিনে ঢাকা দক্ষিণে মোট ৩৩ হাজার ৯৪২ টন বর্জ্য উৎপন্ন হবে বলে ধারণা করা হচ্ছে। এই বিশাল কর্মযজ্ঞ সম্পাদনে মোট ১৩ হাজার ৪৫৩ জনবল এবং দুই হাজার ১১৭টি বিভিন্ন ধরনের যান-যন্ত্রপাতি (ট্রাক, কম্প্যাক্টর, পে-লোডার ইত্যাদি) নিয়োজিত থাকবে। এ ছাড়া সঠিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য ৭৫টি ওয়ার্ডে ৪৬ টন ব্লিচিং পাউডার, ২১০ গ্যালন স্যাভলন এবং এক লাখ ৪০ হাজার বায়োডিগ্রেডেবল ব্যাগ বিতরণ করা হচ্ছে।
সরাসরি মনিটরিং ও জরুরি সেবা : কোরবানির হাটের কার্যক্রম এবং বর্জ্য অপসারণ তদারকি করতে ডিএসসিসির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। প্রতিটি হাটে আলাদা তদারকি টিম, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং মেডিক্যাল টিম নিয়োজিত থাকবে।
নগরবাসীর প্রতি আহ্বান : পরিচ্ছন্ন শহর নিশ্চিত করতে ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম নগরবাসীকে ডিএসসিসি নির্ধারিত স্থানেই কোরবানি ও পশুর বর্জ্য ব্যাগে ভরে নির্দিষ্ট স্থানে রাখার অনুরোধ জানান। এ ছাড়া কোরবানি-পরবর্তী স্থানটি পানি দিয়ে ধুয়ে জীবাণুনাশক (ব্লিøøচিং পাউডার/স্যাভলন) ছিটিয়ে দেয়ার এবং ড্রেন বা নর্দমায় কোনোভাবেই বর্জ্য না ফেলার আহ্বান জানান তিনি।
সায়েদাবাদ বাসটার্মিনাল পরিদর্শন : ঈদযাত্রার পরিস্থিতি সরেজমিন পরিদর্শনে সায়েদাবাদ বাসটার্মিনালে যান ডিএসসিসি প্রশাসক। এ সময় ঈদযাত্রা নির্বিঘœ করতে তিনি টার্মিনাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি সম্মিলিত প্রচেষ্টায় একটি পরিচ্ছন্ন ও সুন্দর ঈদ উদযাপন নিশ্চিত করতে তিনি নগরবাসীর পূর্ণ সহযোগিতা কামনা করেন।



