চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা এখন তুঙ্গে। শিক্ষার্থীদের দুয়ারে দুয়ারে ধরনা দিচ্ছেন বিভিন্ন প্যানেলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। কেউ বা অভিনয়ের ভঙ্গিতেও প্রচারণা চালাচ্ছেন। এরই মধ্যে প্রতিদ্বন্দ্বী প্যানেলগুলো তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করছে। আজ বুধবার দুপুরে ইশতেহার ঘোষণার কথা জানিয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল সম্প্রীতির শিক্ষার্থী জোট। নির্বাচনী প্রচারণার পাশাপাশি আচরণবিধি লঙ্ঘন ও ছাত্রদলের অযাচিত হস্তক্ষেপের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে নারী শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা। সোমবার চাকসু ভবনের নিচে সংবাদ সম্মেলনের মাধ্যমে নারীবান্ধব ক্যাম্পাস গঠনের সাত দফা ইশতেহার ঘোষণার পাশাপাশি ছাত্রদলের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরে ছাত্রী সংস্থা। লিখিত বক্তব্যে ছাত্রী সংস্থার নেত্রী ও চাকসু নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী জান্নাতুল ফেরদৌস বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রদল গত রোববার আমাদের ও এক হল প্রভোস্টের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলেছে। আমরা সেই অভিযোগের প্রতিবাদ জানাতে এবং নারীবান্ধব ক্যাম্পাস গঠনের ইশতেহার প্রকাশ করতে এখানে এসেছি।
তিনি বলেন, গত আগস্টে শিক্ষার্থীদের অনুরোধে ছাত্রী হলে জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য ফার্স্টএইড বক্স দিয়েছিলাম। এটি কোনো নির্বাচনী প্রচারণা নয়, বরং শিক্ষার্থীদের কল্যাণমূলক উদ্যোগের অংশ। কিন্তু ছাত্রদল সেটিকে ভুলভাবে উপস্থাপন করেছে। তিনি জানান, ছাত্রদলের অভিযোগের পর নির্বাচন কমিশনের শোকজের জবাব তারা দিয়েছেন এবং কমিশনের নির্দেশে বক্সটি সরিয়ে নেয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে আরো অভিযোগ করা হয়, শামসুন্নাহার হলের অন্য ভিপি প্রার্থী শেখ সাদিয়া আচরণবিধি ভেঙ্গে বাদামি রঙের লিফলেট ছাপালেও নির্বাচন কমিশন তা উপেক্ষা করেছে। এ ছাড়া অদম্য শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী ফাইরোজ ফেরদৌসের ফেসবুক আইডি হ্যাক করা, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক প্রার্থী তাসমিনকে প্রকাশ্যে হুমকি দেয়া এবং দৃষ্টিপ্রতিবন্ধী প্রার্থী আয়েশা আক্তারকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও তোলা হয়।
সংবাদ সম্মেলনে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করতে সাত দফা ইশতেহার ঘোষণা করা হয়। এর মধ্যে রয়েছে- প্রতিটি হলে নিপীড়নবিরোধী মনিটর সেল গঠন, অনলাইন অভিযোগ প্ল্যাটফর্ম চালু, দ্রুত জবাবদিহি ও ন্যায়বিচার নিশ্চিত করা, আইনি সহায়তা ও কাউন্সেলিং ডেস্ক স্থাপন, সচেতনতা ও নেতৃত্ব বিকাশ কর্মসূচি, সহপাঠী সহায়তা নেটওয়ার্ক গড়ে তোলা এবং বিশ্ববিদ্যালয়ের আচরণবিধিতে নারী হয়রানি ও সাইবার বুলিংকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে সংযোজন।
সংবাদ সম্মেলনে বিজয় ২৪ হলের ভিপি প্রার্থী উমাইমা শিবলী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের ভিপি প্রার্থী সুমাইয়া নুসরাত, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক পদপ্রার্থী খাদিজাতুল কোবরা, এজিএস পদপ্রার্থী নাজিফা তাসফিয়াহ এবং শামসুন্নাহার হলের ভিপি প্রার্থী ফাইরোজ ফেরদৌস উপস্থিত ছিলেন।
প্রচারণায় প্রধান ফোকাস শহরে : এদিকে চট্টগ্রাম শহর থেকে চবি ক্যাম্পাসের দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। তাছাড়া শিক্ষার্থীদের অধিকাংশই ক্যাম্পাসের বাইরে অর্থাৎ শহরে অবস্থান করে। শহর থেকে ক্যাম্পাসে যাতায়াতের প্রধান মাধ্যম আবার শাটল ট্রেন। তাই চাকসু নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্যানেলগুলোর প্রচারণার মূল ফোকাস এখন চট্টগ্রাম শহর এবং রেলস্টেশন।
প্রসঙ্গত আগামী ১৫ অক্টোবর চাকসু, হল ও হোস্টেল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে প্রায় সাড়ে ২৭ হাজার শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। দীর্ঘ প্রায় ৩৫ বছর পর অনুষ্ঠিতব্য এই নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।


