ফেরার চেয়ে দেশত্যাগের হার বেশি

ইসরাইলে তীব্র হচ্ছে নাগরিক সঙ্কট

Printed Edition

ইয়েদিওথ আহরোনোথ

সাম্প্রতিক বছরগুলোতে প্রবাসে থাকা নাগরিকদের স্বদেশে ফেরার হার আশঙ্কাজনকভাবে কমেছে ইসরাইলে। একই সময়ে চিরতরে দেশ ছাড়ার প্রবণতা জ্যামিতিক হারে বৃদ্ধি পেয়েছে বলে খবর প্রকাশ করেছে দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ‘ইয়েদিওথ আহরোনোথ’।

গতকাল সোমবার ইসরাইলি আইনসভা নেসেটের গবেষণা ও তথ্যকেন্দ্রের বরাতে প্রকাশিত এক চাঞ্চল্যকর প্রতিবেদনে এই চিত্র তুলে ধরা হয়। নেসেটের পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে স্বদেশে পুনর্বাসিত হওয়া ইসরাইলিদের সংখ্যা ৫৩ শতাংশ হ্রাস পেয়েছে। ২০২০ সালে যেখানে অন্তত আট হাজার নাগরিক দেশে ফিরে এসেছিলেন, সেখানে ২০২৪ সালে তা নেমে দাঁড়িয়েছে মাত্র তিন হাজার ৮০০ জনে, যা সাম্প্রতিক ইতিহাসে সর্বনিম্ন। অতীতের ডেটা বিশ্লেষণ করে দেখা যায়, ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত প্রতি বছর গড়ে ৯ হাজার ৩০০ জন ইসরাইলি দেশে প্রত্যাবর্তন করতেন। পরবর্তীতে ২০১৩ থেকে ২০২০ সাল নাগাদ এই সংখ্যা বার্ষিক গড়ে সাত হাজার ৪০০ জনে নেমে আসে। তবে ২০২৩ ও ২০২৪ সালে এসে এই সূচকে সবচেয়ে বড় ধস লক্ষ করা গেছে।