ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ

Printed Edition

কূটনৈতিক প্রতিবেদক

জাতিসঙ্ঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশে নবনিযুক্ত আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিক্স গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের কাছে পরিচয়পত্র পেশ করেছেন।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় ইউএনডিপির মূল্যবান অবদানের প্রশংসা করেন। তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের পথে দেশের অগ্রগতিতে ইউএনডিপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতির প্রেক্ষাপটে বাংলাদেশ আশা করে, ইউএনডিপি এবং বৃহত্তর জাতিসঙ্ঘ ব্যবস্থা এই সময়ে উদ্ভূত চ্যালেঞ্জগুলো মোকাবেলায় ঢাকাকে সহায়তা করবে।

স্টিফেন রড্রিক্সকে স্বাগত জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইউএনডিপির আবাসিক প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ার জন্য অভিনন্দন জানান এবং যৌথ উন্নয়ন অগ্রাধিকারসমূহ এগিয়ে নিতে সংস্থার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার ব্যাপারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বাংলাদেশ সরকারের সাথে সহযোগিতা আরো জোরদার করার ব্যাপারে ইউএনডিপির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন স্টিফেন রড্রিক্স। তিনি বাংলাদেশের উল্লেখযোগ্য আর্থ-সামাজিক সাফল্য এবং টেকসই উন্নয়ন প্রসারের প্রশংসা করেন।