জাপানে নজিরবিহীন ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন

Printed Edition

বিবিসি

জাপানের রাজধানী টোকিওর নিকটবর্তী চিবা প্রিফেকচারে নজিরবিহীন ও প্রবল বর্ষণে প্রাণহানি বেড়ে অন্তত ছয়জনে দাঁড়িয়েছে। এই দুর্যোগে আহত হয়েছেন আরো অন্তত পাঁচজন। ভারী বৃষ্টির ফলে বিভিন্ন অঞ্চলে সৃষ্টি হওয়া বন্যা ও ভূমিধসের ঝুঁকিতে এখনো চরম আতঙ্কে বাসিন্দারা। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে অন্ধকারে দিন কাটাচ্ছেন ২০ হাজারের বেশি পরিবার। পরিবহন ব্যবস্থার ব্যাপক বিপর্যয়ে টোকিওর নারিতা বিমানবন্দরেই রাতভর প্রায় সাত হাজার যাত্রী আটকা পড়ে থাকেন।

জাপানি কর্তৃপক্ষ পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে একে ঐতিহাসিক ও নজিরবিহীন আখ্যা দিয়েছে। গত বৃহস্পতিবার লেভেল-৫ সর্বোচ্চ জরুরি সতর্কতা জারি করা হলেও গতকাল শুক্রবার সকালে তা কমিয়ে লেভেল-৪ করা হয়। দেশের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে, কিয়োদো নিউজ ও আসাহি পত্রিকার তথ্যানুযায়ী, বন্যায় তলিয়ে যাওয়া সড়কের গাড়িতে আটকা পড়ে এক নারীর মৃত্যু হয়। এ ছাড়া হঠাৎ রাস্তায় পড়ে গিয়ে মারা গেছেন আরো দু’জন। চিবা প্রিফেকচারে গত বৃহস্পতিবার বিকেল থেকে ঘণ্টায় ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা ওই অঞ্চলে আগস্ট মাসের গড় বৃষ্টিপাতের প্রায় তিনগুণ এবং দেশটিতে এ যাবৎকালের সর্বোচ্চ।