মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের মধুখালীতে প্রেমিকের সাথে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে ১৪ বছর বয়সি এক স্কুলছাত্রী। গত বুধবার ফরিদপুর শহরের একটি আবাসিক হোটেলে নিয়ে কৌশলে ঘুমের ওষুধ খাইয়ে ওই কিশোরীকে ধর্ষণ করে সজীব (২০) নামের এক বখাটে। ভুক্তভোগী কিশোরীকে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধর্ষিতা কিশোরী মধুখালী পৌরসভার বনমালদিয়া এলাকার বাসিন্দা ও স্থানীয় একটি মাদরাসার অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, ধর্ষক সজীব মোল্লা মধুখালী উপজেলার মেছড়দিয়া গ্রামের শাহিন মোল্লার ছেলে।
ভুক্তভোগী কিশোরীর বাবা বলেন, মা হারা আমার মেয়েটির এত বড় ক্ষতি যে করেছে আমি তার বিচার চাই। পরিবার ও প্রতিবেশীরা জানান, সজীব মোল্লা মেয়েটিকে পার্কে যাওয়ার কথা বলে ফরিদপুরের একটি হোটেলে নিয়ে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ করে। পরে বিকাল ৫টার দিকে মেয়েটি বাসায় এলে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ফরিদপুর কোতোয়ালি থানা ওসি এস এম নুরুজ্জামান বলেন, ভুক্তভোগী কিশোরী বর্তমানে আশঙ্কামুক্ত আছে। অভিযুক্তকে গ্রেফতারে পুলিশ কাজ করছে।



