নিজস্ব প্রতিবেদক
নেতাকর্মীদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের এমপি এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, আমরা নিজেদের স্বার্থের জন্য নয়, মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি। আমরা যদি কাজেকর্মে তা প্রমাণ করতে পারি, তাহলে ময়দানই কথা বলবে।
গতকাল রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ও আলমপুর ইউনিয়নের দায়িত্বশীল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ টি এম আজহারুল ইসলাম বলেন, গত ১৭ বছরে আমাদের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালানো হয়েছে। আমাদের শীর্ষ ১১ নেতাকে হত্যা করা হয়েছে। অনেক নেতাকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছে। ওপর জুলুম, নির্যাতন ও অবিচার করা হয়েছে। নানা অপবাদ দেয়া হয়েছে; কিন্তু শেষ পর্যন্ত মানুষ সেসব অপপ্রচারে বিশ্বাস করেনি; বরং ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে। আমাদের স্লোগান- ‘আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই।’ আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হলে সংবিধান সংশোধনের প্রয়োজন হবে। আর সে জন্য জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশ আসন প্রয়োজন।
তিনি বলেন, বিগত নির্বাচনে ৬৮টি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিজয়ী হয়েছে। নির্বাচন সুষ্ঠু হলেও ফলাফলে কারচুপি করা হয়েছে, নইলে আরো বেশি আসন পেতাম। এমপিরা যদি নিজ নিজ এলাকায় সততা, নিষ্ঠা ও ইনসাফের সাথে দায়িত্ব পালন করেন, কোনো দুর্নীতি না করেন, কোনো স্বজনপ্রীতি না করেন এবং কোনো অন্যায়ের সাথে আপস না করেন, তাহলে মানুষ নিজেরাই বলবে- জামায়াত অন্য দলের মতো নয়; আলাদা বৈশিষ্ট্য আছে। তারা দুর্নীতি করে না, জনগণের খেদমত করে।
বৈঠকে উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা জামায়াতের আমির এস এম আলমগীর হোসেন, রংপুর মহানগর শূরা সদস্য অধ্যাপক শাহ মুহাম্মদ নুর হোসাইন, তারাগঞ্জ উপজেলা সেক্রেটারি মো: ইয়াকুব আলী প্রমুখ।



