জুলাইবিপ্লবে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই শহীদ শাকিল পারভেজ ও আহনাফকে স্মরণ করে শিক্ষার্থীদের প্রত্যেককে এক একজন শাকিল ও আহনাফ হয়ে গর্জে ওঠার আহ্বান জানান সংসদ সদস্য ড. মো: শফিকুল ইসলাম মাসুদ।
বায়ান্নোর ভাষা আন্দোলন, একাত্তরের মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন, জুলাই বিপ্লব প্রতিটিতে ছাত্ররাই বিজয় ছিনিয়ে এনেছিল উল্লেখ করে তিনি বলেন, এই শিক্ষার্থীরা, এই জেন-জিরা আগামীতে অবশ্যই বাংলাদেশকে পথ দেখাবে।
গত মঙ্গলবার আশুলিয়ায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে ঐতিহাসিক জুলাই বিপ্লব ২০২৪-এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত পক্ষকালব্যাপী বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাপনী দিনে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে ছিল জুলাই বিপ্লবে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই শহীদ শাকিল পারভেজ ও শহীদ আহনাফ আবির আশরাফুল্লাহসহ শহীদদের স্মরণে আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ।
প্রধান অতিথির বক্তৃতায় ড. মো: শফিকুল ইসলাম মাসুদ বলেন, জুলাই বিপ্লবে ছাত্ররা ‘উই ওয়ান্ট জাস্টিস’ সেøাগান তুলোছিল। জাস্টিস কখনো হারে না। সত্যের বিজয় হবেই হবে। মিথ্যার পতন অনিবার্য। সুতরাং এ বিশ্বাস থেকেই আমরা নিশ্চিত ‘ভার্সন থ্রি বাংলাদেশ’ গড়তে পারবই পারব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মারদিয়া মমতাজ। তিনি ছাত্রছাত্রীদেরকে প্রবন্ধ, কবিতা, গান, ছবি, কার্টুন, নাটক, নাটিকা ইত্যাদির মাধ্যমে কালচারাল যুদ্ধ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, জুলাইযোদ্ধাদের মধ্যে সর্বপ্রথম শহীদ শরিফ ওসমান হাদিকেই আঘাত করা হয়েছিল।
বিশ^বিদ্যালয়ের ট্রেজারার মো: মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন প্রফেসর ড. মো: মিজানুর রহমান। এতে আরো বক্তব্য রাখেন- জুলাই বিপ্লবে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের ছাত্র শহীদ শাকিল হোসেন পারভেজের গর্বিত পিতা মো: বেলায়েত হোসেন এবং ইইই বিভাগের ছাত্র শহীদ আহনাফ আবির আশরাফুল্লাহর মা মো: আছিয়া খাতুন। বিজ্ঞপ্তি।



