এএফপি
ইউরোপে চলতি বছরের দাবানলের মৌসুম এপ্রিল থেকে শুরু হয়ে আগামী শীতের আগমনের সময় নভেম্বরের শুরু পর্যন্ত স্থায়ী হতে পারে বলে সতর্ক করেছেন ইউরোপীয় কমিশনের এক কর্মকর্তা। এবার দাবানলে ক্ষয়ক্ষতির পরিমাণ আগের সব রেকর্ড ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্কট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার হাদজা লাহবিব।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাহী বিভাগ দাবানল পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্লকের জরুরি সহায়তা ব্যবস্থার আওতায় উপদ্রুত দেশগুলোতে সরঞ্জাম পাঠানোর বিষয়টি সমন্বয় করেছে। ফ্রান্সে সাতটি বিমান ও চারটি হেলিকপ্টার এবং স্পেনে ছয়টি বিমান ও তিনটি বিশেষ দমকলকর্মী দল পাঠানো হয়েছে।
ফ্রান্সের বোর্দো অঞ্চলের কাছে জিরোন্দে তৈরি হওয়া ‘মেগা দাবানল’ নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনকে সহায়তা করতে ইইউ কর্মকর্তাদেরও সেখানে পাঠানো হয়েছে। অনিয়ন্ত্রিত এই আগুনে ইতোমধ্যে প্যারিস শহরের চার গুণ বড় এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা এই দাবানলের অভূতপূর্ব ও নজিরবিহীন ছড়ানোর গতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।



