ভেনিজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়েই চলেছে

Printed Edition

এএফপি ও আলজাজিরা

ভেনিজুয়েলায় গত ২৪ জুন আঘাত হানা ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে তিন হাজার ৫৩৫ জনে পৌঁছেছে। একই সাথে ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছে এবং ১৭ হাজার ৮৫৪ জন মানুষ গৃহহীন হয়ে পড়েছে।

সরকারি তথ্য অনুযায়ী- ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজধানী কারাকাস ও উপকূলীয় লা গুয়ারিয়া অঞ্চলের ৮০টি আশ্রয়কেন্দ্রে অন্তত ১২ হাজার ৮০০ মানুষ অবস্থান করছেন। প্রাথমিক হিসাবে প্রায় ৬০ হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে অথবা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা ট্রাকে কফিন বহন করতে এবং ফরেনসিক কর্মীদের মরদেহ স্থানান্তর করতে দেখেছেন। একই সময়ে সাদা ক্রস দিয়ে চিহ্নিত একটি খোলা এলাকায় ভারী যন্ত্রপাতির সাহায্যে পরিখা খুঁড়ে নিহতদের দাফনের কাজ চলছিল। ২৪ জুন কয়েক সেকেন্ডের ব্যবধানে রিখটার স্কেলে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দু’টি ভূমিকম্প কারাকাস ও লা গুয়ারিয়ার আশপাশে আঘাত হানে।

এ দিকে দুর্যোগের পর ভেনিজুয়েলায় স্বাস্থ্যসঙ্কট আরো গভীর হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। বাস্তুচ্যুত হাজারো মানুষ গাদাগাদি করে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে কিংবা খোলা আকাশের নিচে অবস্থান করছেন। তাদের অনেকের কাছেই বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই। হাজার হাজার মানুষ চিকিৎসাবিহীন আঘাত এবং সংক্রামক রোগে ভুগছেন। একই সাথে দেশটির স্বাস্থ্যব্যবস্থা এই পরিস্থিতির চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে।

কারাকাসের হোসে গ্রেগোরিও হার্নান্দেস হাসপাতালের ট্রমা ইউনিটের প্রধান ইউহেনিও কোভা গত সপ্তাহে বলেন, ‘যে বিষয়টি আমরা সামনে দেখতে পাচ্ছি, তা হলো- দীর্ঘ সময় ধরে এই দুর্যোগের মধ্যে থাকা রোগীদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা।’