নিজস্ব প্রতিবেদক
অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস (পরশ) ও তার স্ত্রী নাহিদ সুলতানাকে বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
অপর দিকে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও কানাডায় অর্থপাচারের অভিযোগে নভোথিয়েটারের সাবেক মহাপরিচালক (বর্তমানে অবসরপ্রাপ্ত) আরশাদ উল্লাহ ও তার স্ত্রী রেবেকা আক্তারের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো: শাহজাহান কবির এ আদেশ দেন।
দুদকের পক্ষে উপপরিচালক এ কে এম মাহবুবর রহমান অভিযোগ সংশ্লিষ্ট পরশ, তার স্ত্রীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। অপর মামলায় দুদকের পক্ষে সহকারী পরিচালক মো: আব্দুল মালেক নভোথিয়েটারের সাবেক মহাপরিচালক আরশাদ উল্লাহ ও তার স্ত্রী রেবেকা আক্তারের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, পরশের ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ অর্থ লেনদেন করে মানিলন্ডারিং এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে।
অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। অভিযোগটির সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন।
নভোথিয়েটারের সাবেক মহাপরিচালকের দেশত্যাগে নিষেধাজ্ঞা : অপর দিকে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও কানাডায় অর্থপাচারের অভিযোগে নভোথিয়েটারের সাবেক মহাপরিচালক আরশাদ উল্লাহ ও তার স্ত্রী রেবেকা আক্তারের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।
দুদকের পক্ষে সহকারী পরিচালক মো: আব্দুল মালেক তাদের দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। ওই আবেদনে বলা হয়, স্ত্রীসহ আরশাদ উল্লাহর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও কানাডায় অর্থপাচারের অভিযোগে দুই সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করা হয়। বিশ্বস্ত সূত্রে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট আরশাদ উল্লাহ ও তার স্ত্রী রেবেকা আক্তার দেশত্যাগ করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ জন্য সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে আরশাদ উল্লাহ ও তার স্ত্রী রেবেকা আক্তারের বিদেশ গমন রহিত করা আবশ্যক।



