বিশেষ সংবাদদাতা
আগামী ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃতব্য জরাজীর্ণ স্থাপনাগুলো সংস্কার বা মেরামতসংক্রান্ত তথ্য চেয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির সিনিয়র সহকারী সচিব মো: নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত গত বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত ২০ অক্টোবর ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করা হয়েছে। এই চূড়ান্ত ভোটকেন্দ্রগুলোর মধ্যে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে বাউন্ডারি বা সীমানা প্রাচীর নেই, দরজা-জানালা জরাজীর্ণ অবস্থায় রয়েছে অথবা ছোটখাটো মেরামত বা সংস্কার প্রয়োজন, সেসব ভোটকেন্দ্রের তালিকা চাওয়া হয়েছে।
নির্দেশনায় জানানো হয়, নির্ধারিত ছক মোতাবেক প্রয়োজনীয় তথ্যসহ ভোটকেন্দ্রগুলোর তালিকা আগামী ১২ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে নির্বাচন সহায়তা-১ শাখায় প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।



