নলডাঙ্গা ( নাটোর) সংবাদদাতা
নাটোরের নলডাঙ্গায় বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, ‘ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে গড়তে হবে। সবাই মিলে এলাকার জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে হবে। আমরা এখানে বসে আছি, কথা বলতে পারছি শুধু আপনাদের জন্য। আপনারা ভোট দিয়ে এখানে বসিয়ে আপনাদের দায়িত্ব পালন করেছেন। এখন আমাদের দ্বায়িত্ব আপনাদের দেখাশুনা করা, স্বপ্নগুলো পূরণ করা। আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর বাংলাদেশ গড়ে তোলা। সেই কাজগুলো করার জন্য জনাব তারেক রহমান আমাদের দায়িত্ব দিয়েছেন।’
গতকাল বিকেলে নলডাঙ্গা উপজেলার ৪ নং পিপরুল ইউনিয়নের মিনি কক্সবাজার খ্যাত পাটুলের হালতি বিলের এলাকা পরিদর্শন শেষে এক জনসভায় তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, ‘দীর্ঘ ১৭ বছরের দুঃস্বাশনের মুক্তির স্বাদ পেয়েছি। এখন যেভাবে কথা বলতে পারছি, দাবি করতে পারছি দীর্ঘ ১৭ বছর তা পারিনি। আমরা চেয়েছি গণতন্ত্রের দেশ, উন্নয়নের দেশ, জনবান্ধন দেশ। সেই দেশ আমরা পেয়েছি।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আরো উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদল সভাপতি এ হাই ডালিম, জেলা বিএনপির সদস্য শহিদুল্লাহ সোহেল, সদস্য নাসিম উদ্দীন নাসিম, উপজেলার সাবেক চেয়ারম্যান মো: সাখাওয়াত হোসেন, জেলা বিএনপির সদস্য, নলডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর প্রশাসক এম এ হাফিজ, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো: শফিকুল ইসলাম বুলবুল, নলডাঙ্গা বিএনপির নেতা নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র মো: আব্বাস আলী নান্নুসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।



