ধলেশ্বরী পাড়ের বিনোদনকেন্দ্র এখন ময়লার ভাগাড়

সম্প্রতি রাতের আঁধারে কে বা কারা সেখানে নিয়মিত ময়লা-আবর্জনা ফেলে স্থানটিকে ভাগাড়ে পরিণত করছে। এলাকাবাসীর অভিযোগ, ঢাকার বিভিন্ন এলাকার বর্জ্য নৌপথে এনে এখানে ফেলা হচ্ছে।

সোহরাব হোসেন, সিংগাইর (মানিকগঞ্জ)
Printed Edition
ভাগাড়ের পাশ দিয়ে নাক চেপে যাচ্ছে দুই সাইকেল আরোহী
ভাগাড়ের পাশ দিয়ে নাক চেপে যাচ্ছে দুই সাইকেল আরোহী |নয়া দিগন্ত

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের পূর্ব পাশে ধলেশ্বরী নদীর তীরে অবস্থিত নর্দান পাওয়ার প্লান্টের পরিত্যক্ত জায়গাটি এখন ভয়াবহ পরিবেশ দূষণের কবলে পড়েছে। একসময় এলাকাবাসী ও ভ্রমণপিপাসু মানুষের জনপ্রিয় বিনোদনকেন্দ্র হিসেবে পরিচিত এই স্থানটি বর্তমানে অবৈধভাবে ফেলা ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ডরিন গ্রুপের নর্দান পাওয়ার প্লান্টটি পরিবেশগত কারণে বন্ধ হয়ে যাওয়ার পর জায়গাটি খোলা মাঠে পরিণত হয়। ধলেশ্বরী নদীর তীর ঘেঁষা মনোরম এই এলাকাটি ধীরে ধীরে বিনোদনস্পটে রূপ নেয়। বিশেষ করে ছুটির দিনে ঢাকা ছাড়াও কেরানীগঞ্জ, দোহার ও নবাবগঞ্জসহ আশপাশের এলাকা থেকে অসংখ্য মানুষ এখানে ঘুরতে আসতেন।

কিন্তু সম্প্রতি রাতের আঁধারে কে বা কারা সেখানে নিয়মিত ময়লা-আবর্জনা ফেলে স্থানটিকে ভাগাড়ে পরিণত করছে। এলাকাবাসীর অভিযোগ, ঢাকার বিভিন্ন এলাকার বর্জ্য নৌপথে এনে এখানে ফেলা হচ্ছে। আশপাশে ধল্লাফোর্ডনগর পুলিশ ক্যাম্প থাকলেও রাতের বেলায় এসব কর্মকাণ্ড চোখ এড়িয়ে যাচ্ছে। শুধু তীরেই নয়, ধল্লা সেতুর পূর্ব পাশে সাভার অংশে নদীর ভেতরেও ময়লা ফেলা হচ্ছে বলে জানান স্থানীয়রা।

স্থানীয়রা বলছেন, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপে অবৈধ ময়লা ফেলা বন্ধ করে স্থানটিকে আবার পরিবেশবান্ধব বিনোদনকেন্দ্রে রূপ দেয়া হোক। না হলে ধলেশ্বরী নদী ও আশপাশের পরিবেশ মারাত্মক ঝুঁকিতে পড়বে।

এ বিষয়ে সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবেল উদ্দিন বলেন, বিষয়টি সরেজমিন তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।