যাদের ত্যাগে বৈষম্যমুক্ত বাংলাদেশ

শহীদ শাহরিয়ার শুভর মা-বাবা আজও ছেলের অপেক্ষায়

Printed Edition
শহীদ শাহরিয়ার শুভর মা-বাবা আজও ছেলের অপেক্ষায়
শহীদ শাহরিয়ার শুভর মা-বাবা আজও ছেলের অপেক্ষায়

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

শহীদ শাহরিয়ার শুভর মা-বাবা আজও তাদের ছেলের অপেক্ষায় রয়েছেন। কবে ফিরবে আমার আদরের সন্তান?

প্রকৌশলী শাহরিয়ার শুভ (২৮) চুয়াডাঙ্গা শঙ্করচন্দ্র গ্রামের মণ্ডলপাড়ার আবু সাঈদ ও চম্পা খাতুনের মেজ ছেলে ছিলেন। শুভ তার মা, বাবাকে প্রায় বলতেন বাবা আর দু এক বছর মাত্র, এরপর তোমাকে আর কাজ করা লাগবে না। তখন তুমি আর মা বসে বসে শুধু খাবা। আমি তোমাদের সব প্রয়োজন মেটাবো। পরিবার সংসার নিয়ে শাহরিয়ার শুভর স্বপ্ন ছিল অনেক; কিন্তু তা আর পূরণ হওয়ার নয়।

২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর মিরপুর এলাকায় তার সাত মাস বয়সী শিশুপুত্র মোস্তাফিজ শাহরিয়ারের জন্য দুধ কিনতে গিয়ে গুলিবিদ্ধ হন শাহরিয়ার শুভ। ২৩ জুলাই ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জানা গেছে, শাহরিয়ার শুভ চুয়াডাঙ্গা ডিঙ্গেদহ দাখিল মাদরাসা থেকে দাখিল পাস করেন। এরপর যশোর বিসিএমসি প্রযুক্তি ও প্রকৌশল কলেজ থেকে ডিপ্লোমা করেন। পরে ঢাকায় একটি বেসরকারি লিফট নির্মাতা প্রতিষ্ঠানে প্রকৌশলী হিসেবে যোগদান করেন।

বড় ভাই সাদ্দাম হোসেন সিভিল ইঞ্জিনিয়ার। আর ছোট ভাই সিয়াম হোসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। ছোট ভাইয়ের লেখাপড়ার সব খরচ মেজ ভাই শুভই বহন করতেন।

বছর কয়েক আগে আরেক প্রকৌশলী মাগুরার মেয়ে রাজিয়া খাতুনের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন শাহরিয়ার শুভ। তাদের ঘরে রয়েছে একমাত্র ছেলে মোস্তাফিজ শাহরিয়ার। তার ভবিষ্যৎ নিয়ে পরিবারের সবাই এখন উদ্বিগ্ন। শিশু মোস্তাফিজ শাহরিয়ার ও মা রাজিয়া খাতুনের চোখে মুখে এখন অন্ধকার। বাবাহারা সন্তানকে কিভাবে মানুষ করবেন তা নিয়ে অনিশ্চিত জীবন অতিবাহিত করছেন তিনি। স্ত্রী রাজিয়া খাতুন চান, সরকার তাদের জন্য এমন কিছু করে দিক যেন তারা পরিবার ও সন্তানকে নিয়ে ভালোভাবে জীবনযাপন করতে পারে।

শহীদ শুভর মা চম্পা খাতুন কেঁদে কেঁদে বলেন, এক বছর হতে চলল, আমার ফোনে ছেলের ফোন আসে না। কোনো দিন আর আসবেও না। ছেলের মৃত্যুর আগের দিন মোবাইলে আমার সাথে কথা বলেছিল। শিগগিরই সরকারের পতন হবে, এ জন্য দোয়া করতে বলেছিল সে। কিন্তু আমার ছেলে নিজেই শহীদ হয়ে যাবে তা কখনো ভাবিনি। অনেক কষ্ট করে ছেলেকে মানুষ করেছি। বিয়ে দিয়েছিলাম যোগ্য পাত্রী দেখে। যখনই সংসারে সুখের দেখা মিলল, তখনই আমার শুভর মৃত্যু সবকিছু এলোমেলো করে দিলো।

শহীদ শাহরিয়ার শুভর বাবা আবু সাঈদ বলেন, ছেলে আমাকে বলেছিল, আমি চাকরি পেলে তোমার আর কষ্ট করা লাগবে না। কে জানত এই ছেলের লাশ কাঁধে নিতে হবে। একজন বাবা হিসেবে কতটা কষ্টের তা একজন বাবাই জানেন। ছেলেকে হারিয়ে আমরা যেমন বাকরুদ্ধ, ঠিক আমার আদরের নাতি শুভর একমাত্র সন্তানের জন্য আমাদের আরো কষ্ট হয়। ছোট থাকতেই বাবাকে হারাল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা কমিটির সাবেক আহ্বায়ক আসলাম হোসেন অর্ক বলেন, বাবার কাঁধে সন্তানের লাশ পৃথিবীর সবচেয়ে ভারী জিনিস। জুলাই গণ-অভ্যুত্থান যারা নিহত হয়েছে তারা জাতীয় বীর। তাদের পরিবারের যে ক্ষতি হয়েছে, সেটা পূরণ হওয়ার নয়, তবে রাষ্ট্র ও আমরা জনগণ তাদের সম্মান জানাতে পারি। ইতোমধ্যে রাষ্ট্র অর্থনৈতিক সহায়তা দিয়েছে আগামীতে এককালীন অর্থ ও মাসিক ভাতা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।