সাভার (ঢাকা) সংবাদদাতা
সাভার উপজেলার তেঁতুলঝোড়া, ভাকুর্তা ও আমিনবাজার ইউনিয়নকে কেরানীগঞ্জ উপজেলার সাথে অন্তর্ভুক্ত করার উদ্যোগের প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করেছেন তিন ইউনিয়নের কয়েকশ’ বাসিন্দা। গত শুক্রবার জুমার নামাজের পর হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
তেঁতুলঝোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা হাজী জামাল উদ্দিন সরকারের নেতৃত্বে তিন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বাসিন্দারা সমাবেশে এসে যোগ দেন। বিক্ষোভের কারণে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। প্রায় পৌনে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ‘ফ্যামিলি কার্ড’ দেয়ার কথা বলে এলাকার নারী-পুরুষের কাছ থেকে ফর্মে স্বাক্ষর নেয়া হয়েছে। পরে তারা জানতে পারেন, ওই ফর্মগুলো ব্যবহার করে তিন ইউনিয়নকে সাভার থেকে কেরানীগঞ্জের সাথে যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। বক্তারা বলেন, কোনোভাবেই সাভারের সীমানা থেকে তিন ইউনিয়নকে বিচ্ছিন্ন হতে দেয়া হবে না।
তেঁতুলঝোড়ার বাসিন্দা কুলছুম বেগম বলেন, সরকারি সুবিধা পাওয়ার আশায় ফর্মে সই করেছি। এখন সেই সই অন্য কাজে ব্যবহারের অভিযোগ শুনছি। এটা কী ধরনের প্রতারণা! বাবু মিয়া বলেন, তাদের জাতীয় পরিচয়পত্র ও জমির কাগজপত্রসহ সব নথি সাভারের অধীনে। তাই কেরানীগঞ্জের সাথে যুক্ত হওয়ার কোনো সিদ্ধান্ত তারা মেনে নেবেন না।
হাজী জামাল উদ্দিন সরকার বলেন, তিন ইউনিয়নকে কেরানীগঞ্জের সাথে যুক্ত করার ‘ষড়যন্ত্র’ বন্ধ না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। তিনি জানান, শিগগির জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি, গণস্বাক্ষর অভিযান ও অবস্থান কর্মসূচি পালন করা হবে।
সমাবেশে আব্দুর রহমান, অ্যাডভোকেট দীন ইসলাম, নয়ন সরকার, জামায়াতে ইসলামীর সাভার থানা আমির আব্দুল কাদের, যুবদল নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকারসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।



