নয়া দিগন্ত ডেস্ক
দেশের বিভিন্ন জেলায় একই রাতে একের পর এক অগ্নিকাণ্ড, অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপের ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। সিলেট, সাভার, মানিকগঞ্জ, পটুয়াখালী, গাজীপুর ও আশুলিয়ায় সংঘটিত এসব ঘটনায় একাধিক ব্যবসাপ্রতিষ্ঠান, ব্যাংক, গ্যারেজ, পরিবহনসহ মোট কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও কোথাও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ধারাবাহিক এসব অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়রা চরম উদ্বেগ প্রকাশ করেছেন। পুলিশ বলছে, প্রতিটি ঘটনার কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
সাভার (ঢাকা) সংবাদদাতা জানান, সাভারের বিরুলিয়ার বেড়িবাঁধ এলাকায় কিস্তিতে ক্রয় করা আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খাবার খেতে বাড়িতে গেলে বাসচালক আমজাদের অনুপস্থিতির সুযোগে এ আগুন দেয়া হয়। পাশের নির্মাণ শ্রমিকরা পানি ও বালি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বাসের বেশ কয়েকটি সিট ক্ষতিগ্রস্ত হয়।
সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা জানান, রাত আড়াইটার দিকে ইসলামী ব্যাংক পিএলসির সিংগাইর শাখায় বৈদ্যুতিক শটসার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটে। এতে আটটি কম্পিউটার, দু’টি প্রিন্টার, তিনটি এসি ও আসবাবপত্র পুড়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
পটুয়াখালী প্রতিনিধি জানান, সদর উপজেলার ডিবুয়াপুর শাখার গ্রামীণ ব্যাংকে রাত ১২টার দিকে পরিত্যক্ত গেটে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। শাখার কর্মকর্তারা দ্রুত পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গাজীপুর প্রতিনিধি জানান, সোমবার ভোরে গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের নামফলকে ককটেল নিক্ষেপ করে অগ্নিসংযোগ করা হয়। একই রাতে উপজেলার মেদিআশুলাই এলাকায় একটি এক্সকাভেটরেও আগুন দেয় দুর্বৃত্তরা। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সিলেট ব্যুরো জানায়, রোববার রাত দেড়টার দিকে নগরীর পাঠানটুলা এলাকায় নবাবী মসজিদের পাশের একটি ব্যবসাপ্রতিষ্ঠান ও গাড়ি মেরামতের গ্যারেজে ভয়াবহ আগুন লাগে। এতে ‘ঢাকা অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস’-এ থাকা এক্স নোহা, মাইক্রোবাস, মোটরসাইকেল ও পুলিশের একটি পিকআপসহ ১২টি গাড়ি পুড়ে ছাই হয়। রাত পৌনে ৩টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট এবং স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস বলছে, যান্ত্রিক বা বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এর আগের রাতেও সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে একটি অ্যাম্বুলেন্স এবং কুমারগাঁও বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা।
আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা জানান, সোমবার ভোর ৬টার দিকে জামগড়া বেরন এলাকায় গ্রামীণ পরিবহনের একটি মিনিবাসে আগুন দেয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। হেলপার বাথরুমে গেলে অজ্ঞাতরা আগুন লাগায় ও ঢিল ছুড়ে কাচ ভাঙে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। পুলিশ জানায়, দুর্বৃত্তরা ধাওয়া খেয়ে পালিয়ে যায়।



