বুটেক্স হলে অনুমোদন ছাড়া ছাত্রদল নেতার অবস্থানের অভিযোগ

Printed Edition

বুটেক্স প্রতিনিধি

বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকার পরও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) সৈয়দ নজরুল ইসলাম হলে ছাত্রদলের সাধারণ সম্পাদক মো: রুবেল মিয়ার অনুমোদন ছাড়াই অবস্থানের অভিযোগ উঠেছে। তাকে স্বাগত জানিয়ে মিছিল-সেøাগান এবং খাবারের আয়োজন নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। হল প্রশাসনের দাবি, রুবেলকে কোনো কক্ষ বরাদ্দ দেয়া হয়নি এবং এ আয়োজনেরও অনুমতি নেয়া হয়নি। তবে রুবেল দাবি করেছেন, তিনি নিয়ম মেনেই হলে উঠেছেন। এ ঘটনায় ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তের বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠেছে।

জানা গেছে, গত বৃহস্পতিবার মো: রুবেল মিয়া প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে সৈয়দ নজরুল ইসলাম হলে প্রবেশ করেন। এ সময় তাকে স্বাগত জানিয়ে সেøাগান দেয়া হয়। পরে হলের ডাইনিং রুমে খাবারের আয়োজন করা হয়। সে সময় আবাসিক শিক্ষার্থীদের জন্য ডাইনিং চালু ছিল না।

হল প্রশাসনের ২১ জুলাই প্রকাশিত কক্ষ বরাদ্দ তালিকা অনুযায়ী, ৩০১ নম্বর কক্ষটি ৪৭তম ব্যাচের চারজন রি-এড শিক্ষার্থীর নামে বরাদ্দ রয়েছে। তবে খোঁজ নিয়ে জানা গেছে, রুবেল বর্তমানে ওই কক্ষে অবস্থান করছেন। বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী, সমাপনী বর্ষের ফল প্রকাশের সাত দিনের মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে হয়। এ ছাড়া প্রভোস্টের পূর্বানুমতি ছাড়া হলে কোনো ভোজ বা অনুষ্ঠান আয়োজনের সুযোগ নেই। বুটেক্স ছাত্রদলের এক নেতা জানান, সংগঠনের পূর্বনির্ধারিত পরিকল্পনার অংশ হিসেবেই রুবেল হলে উঠেছেন এবং শিগগিরই হল কমিটি ঘোষণা করা হবে। অভিযোগের বিষয়ে রুবেল মিয়া বলেন, তিনি নিয়ম মেনেই হলে উঠেছেন। শুধু বরাদ্দ তালিকায় তার নাম নেই।

হলের প্রভোস্ট মোতাকাব্বির হাসান তমাল বলেন, ডাইনিং বা অন্য কোনো সুবিধা ব্যবহারের জন্য তার অনুমতি প্রয়োজন হলেও এ আয়োজন অনুমতি ছাড়াই হয়েছে। রুবেল সিটের জন্য আবেদন করলেও তাকে বরাদ্দ দেয়া হয়নি। ৩০১ ও ৩০২ নম্বর কক্ষের বরাদ্দপ্রাপ্ত শিক্ষার্থীদের সাথে দ্রুত যোগাযোগ করে বিষয়টির গ্রহণযোগ্য সমাধান করা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৮ আগস্ট বুটেক্স সিন্ডিকেটের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক সংগঠন ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়।