লিজের ১০টি উড়োজাহাজ শিগগিরই বহরে যুক্ত হবে : বিমানমন্ত্রী

Printed Edition
এম রশিদুজ্জামান মিল্লাত বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী হওয়ায় মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান  :  নয়া দিগন্ত
এম রশিদুজ্জামান মিল্লাত বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী হওয়ায় মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান : নয়া দিগন্ত

বিশেষ সংবাদদাতা

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আগামী ১৬ ডিসেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল সফট ওপেনিং করার পরিকল্পনা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। এ জন্য জাপানি কোম্পানির সাথে সেপ্টেম্বরে চুক্তির পদক্ষেপ নেয়া হচ্ছে। তাছাড়া আগামী বছর ঢাকা-নিউ ইয়র্ক রুটে ফ্লাইট চালুর জন্য আমরা কাজ করছি। আশা করছি বিমানের বহরে শিগগিরই ১০টি লিজের উড়োজাহাজ যুক্ত করতে পারব।

পূর্ণমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর গতকাল সকালে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই তিনি আমাকে পূর্ণ মন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। রদবদল একটি স্বাভাবিক প্রক্রিয়া। নতুন নেতৃত্বে আমরা টিম তৈরির মাধ্যমে মন্ত্রণালয়ের কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে চাই। কাজের সুবিধার্থে আমি সপ্তাহের পাঁচ কর্মদিবসের মধ্যে একদিন সিভিল এভিয়েশনে বা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে অফিস করতে চাই। মন্ত্রণালয় ও আওতাধীন সংস্থার সমন্বয়হীনতা দূর করাই হবে আমার প্রথম কাজ।

বিমানের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ভালো কাজের যেমন পুরস্কার আছে, তেমনি খারাপ কাজের জন্য তিরস্কারেরও ব্যবস্থা রয়েছে।

উল্লেখ্য, এর আগে এম রশিদুজ্জামান মিল্লাত একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন।