প্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি লেখক ও সাংবাদিক মোজাহেদুল ইসলাম ঢেউয়ের নতুন বই ‘এআই শিখুন, টাকা গুনুন’ প্রকাশিত হয়েছে। বইটি তিনভাগে বিভক্ত। প্রথম অংশে রয়েছে তরুণদের জন্য আয়ের গাইড। এখানে বলা হয়েছে কীভাবে এআই কনটেন্ট প্রম্পট ব্যবহার করে ফ্রিল্যান্স মার্কেটে সুযোগ তৈরি করা যায় এবং ছোট ছোট আইডিয়া থেকে বড়সড় ইনকাম সম্ভব হয়। দ্বিতীয় অংশ সাংবাদিকদের জন্য একেবারে ইনভেস্টিগেটিভ হ্যান্ডবুক, যেখানে এআই টুল দিয়ে ডেটা খোঁজা, সোর্স যাচাই ও সাইবার নিরাপত্তা নিয়ে কার্যকর টিপস রয়েছে। আর তৃতীয় অংশ সাধারণ পাঠকের জন্য যেখানে সহজ ভাষায় বোঝানো হয়েছে এআই-এর সুযোগ ও ঝুঁকি, ডিপফেক কিংবা ভুয়া খবর চিনে ফেলার কৌশল।
কম্পিউটার বিজ্ঞানে স্নাতক ডিগ্রিধারী লেখক মোজাহেদুল ইসলাম ঢেউ ২০০৩ সাল থেকে এক ডজনেরও বেশি তথ্যপ্রযুক্তি বিষয়ক বই প্রকাশ করেছেন। মোজাহেদুল ইসলাম ঢেউ বলেন, এই বইটি পড়ে এআই দিয়ে আয় করার অনেক দারুণ উপায় রয়েছে তা জানতে ও শিখতে পারবেন। আপনি চাইলে এআই কনটেন্ট টুল ব্যবহার করে লেখালেখির সার্ভিস অফার করতে পারেন। আবার এআই দিয়ে ব্র্যান্ড এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ম্যানেজ করার কাজও করতে পারেন। যারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) নিয়ে কাজ করে, তারা এআই চালিত এসইও সার্ভিস দিয়ে আয় করতে পারে। এমনকি আপনি চাইলে নিজস্ব জিপিটি বানিয়ে সেটি বিক্রিও করতে পারেন। শিল্প আর সৃজনশীলতায় আগ্রহ থাকলে এআই জেনারেটেড আর্ট বা ছবি তৈরি করে সেগুলো অনলাইনে বিক্রি করা দারুণ একটি পথ।
বইটি প্রকাশিত হওয়ার পরে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ১৬০০ কপির প্রি-অর্ডার শেষ হয়েছে বলে জানিয়েছে প্রকাশনা সংস্থা সিসটেক পাবলিকেশন্স। সিসটেকের বাংলাবাজারসহ সমগ্র বাংলাদেশের বইয়ের দোকানে বইটি পাওয়া যাচ্ছে। বইটির মুদ্রিত মূল্য ৪০০ টাকা।


