‘পৌর বিএনপির সেক্রেটারি হতে ৫০ লাখ টাকা খরচ করেছি’

Printed Edition

রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা

লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি বিদ্যালয়ের অনুষ্ঠানে প্রধান অতিথি হওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই নেতার বিরোধের একটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে রামগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশকে নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি তাওহীদ হোসেন মারুফ ভূঁইয়াকে হুমকি দিতে শোনা যায় বলে অভিযোগ উঠেছে।

ফোনালাপের ছড়িয়ে পড়া অংশে গিয়াস উদ্দিন পলাশকে বলতে শোনা যায়, বিদ্যালয়ের অনুষ্ঠানের ব্যানারে তার নাম প্রধান অতিথি হিসেবে না থাকায় তিনি ক্ষুব্ধ। একপর্যায়ে তিনি মারুফ ভূঁইয়াকে পৌরসভায় না আসার হুমকি দেন। একই ফোনালাপে নিজেকে ‘নির্বাচিত সেক্রেটারি’ উল্লেখ করে তিনি পৌর বিএনপির সাধারণ সম্পাদক হতে ‘৫০ লাখ টাকা খরচ’ করার কথাও বলেন।

তবে ছড়িয়ে পড়া অডিওটির পূর্ণাঙ্গ বক্তব্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এ বিষয়ে তাওহীদ হোসেন মারুফ ভূঁইয়া বলেন, ঘটনাটি পুরনো। বিষয়টি জানানোর পর দলের জ্যেষ্ঠ নেতারা বসে তা সমাধান করে দিয়েছেন। পরে গিয়াস উদ্দিন পলাশ তার কাছে দুঃখ প্রকাশ করেছেন।

অভিযোগের বিষয়ে জানতে গিয়াস উদ্দিন পলাশের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোনে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে পরে কথা বলবেন বলে জানান।

উল্লেখ্য, ২০২৫ সালের ২০ সেপ্টেম্বর গোপন ব্যালটে রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে শেখ মো: কামরুজ্জামান সভাপতি ও গিয়াস উদ্দিন পলাশ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।