ঝালকাঠিতে ২ দফা দাবিতে গণপূর্ত কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ মিছিল

Printed Edition

ঝালকাঠি প্রতিনিধি

চাকরি নিয়মিতকরণ, আদালতের রায় বাস্তবায়ন এবং আউটসোর্সিং প্রথা বিলুপ্ত করে রাজস্ব খাতে নিয়োগসহ ২ দফা দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ গণপূর্ত কর্মচারী ইউনিয়ন ঝালকাঠি জেলা কমিটি। গত সোমবার বেলা ১১টায় ঝালকাঠি গণপূর্ত ভবন চত্বরে এ কর্মসূচি পালন করেন সংগঠনের নেতাকর্মী ও কর্মচারীরা।

এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে গণপূর্ত অধিদফতরের বিভিন্ন শাখায় দৈনিক ভিত্তিক ও ভাউচার কর্মচারীরা কাজ করে আসছেন। তাদের চাকরি নিয়মিতকরণ এবং এ সংক্রান্ত আদালতের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা।

এ ছাড়া গণপূর্ত অধিদফতরের আউটসোর্সিং কর্মচারীদের ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগের প্রথা সম্পূর্ণ বিলুপ্ত করে সরাসরি গণপূর্ত অধিদফতরের মাধ্যমে নিয়োগ প্রদান এবং তাদের রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়।

কর্মসূচিতে বক্তব্য দেন নুর আলম, আব্দুল বারেক (ইএম শাখা), প্লাম্বার শাখার আনোয়ার হোসেন, নির্বাহী প্রকৌশলীর গাড়িচালক রফিকুল ইসলাম, মৃত শাহজাহান শিকদারের স্ত্রী বিউটি বেগম এবং প্যারালাইজড শাহ আলম শিকদারের কন্যা তাসনুবা আক্তার।