প্যারিস (ফ্রান্স) প্রতিনিধি
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ রাজনীতি থেকে পুরোপুরি সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। গত ২৪ এপ্রিল সাইপ্রাস সফরকালে এক তাৎপর্যপূর্ণ বক্তব্যে তিনি জানান, ২০২৭ সালে তার দ্বিতীয় মেয়াদের সময়সীমা শেষ হলে তিনি আর সক্রিয় রাজনীতিতে ফিরবেন না। তার এই ঘোষণা ফ্রান্সসহ সমগ্র ইউরোপীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক জল্পনা ও বিশ্লেষণের জন্ম দিয়েছে।
ম্যাক্রোঁ বর্তমানে তার দ্বিতীয় এবং সংবিধান অনুযায়ী শেষ মেয়াদে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করছেন। ফলে ২০২৭ সালের নির্বাচনে তার প্রার্থী হওয়ার আইনি সুযোগ নেই- এটি আগে থেকেই নিশ্চিত ছিল। তবে দ্বিতীয় মেয়াদ শেষে রাজনীতি থেকে তার সম্পূর্ণ অবসরের বিষয়টি নতুন মাত্রা যোগ করেছে।
ম্যাক্রোঁর এই ঘোষণাকে অনেক বিশ্লেষক চূড়ান্ত হিসেবে মেনে নিতে পারছেন না। ফরাসি রাজনীতির ইতিহাস বলছে, অবসরের ঘোষণা দিয়েও অনেক নেতা পুনরায় ফিরে এসেছেন। সবচেয়ে আলোচিত উদাহরণ সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজি। ২০১২ সালে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেও মাত্র দুই বছরের মাথায় তিনি আবারো দলীয় নেতৃত্বে ফেরেন এবং প্রেসিডেন্ট নির্বাচনের প্রাইমারিতে অংশ নেন।
বিশ্লেষকদের মতে, ২০২৭ সালে অবসরের সময় ম্যাক্রোঁর বয়স হবে মাত্র ৪৯ বছর। একজন অভিজ্ঞ ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য রাজনীতিবিদের জন্য এটি অত্যন্ত সম্ভাবনাময় সময়। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের বর্তমান প্রেক্ষাপটে ডানপন্থী শক্তির উত্থান এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় তার মতো পরীক্ষিত নেতৃত্বের প্রয়োজন ভবিষ্যতে আবারো দেখা দিতে পারে।
এ ছাড়া, ম্যাক্রোঁর প্রতিষ্ঠিত দল ‘রেনেসাঁর (সাবেক লা রেপুবলিক আঁ মার্শ) ভবিষ্যৎ অস্তিত্ব ও আদর্শিক অবস্থান টিকিয়ে রাখতে তার প্রভাব অনস্বীকার্য। দলীয় প্রয়োজন এবং রাজনৈতিক বাস্তবতার খাতিরে তিনি ভবিষ্যতে কোনো ইউরোপীয় গুরুত্বপূর্ণ পদে কিংবা নতুন কোনো ভূমিকায় অবতীর্ণ হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে, প্রেসিডেন্ট ম্যাক্রোঁর এই ঘোষণাকে অনেকে চূড়ান্ত বিদায় নয়, বরং একটি ‘কৌশলগত বিরতি’ হিসেবে দেখছেন। সময়ের আবর্তে এই বিদায় সত্যিই কি শেষ অধ্যায়, নাকি এটি আরেকটি বর্ণিল প্রত্যাবর্তনের পূর্বাভাস- তা সময়ই বলে দেবে।



