শ্রীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ৩৫ বাড়িঘর ভাঙচুর লুটপাট, আহত ২ নারী

Printed Edition

শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা

মাগুরার শ্রীপুরে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার রাতে উপজেলার গয়েশপুর ইউনিয়নের চাকদাহ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ৩৫টি বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ ঘটনায় পুলিশ গতকাল ১০ জনকে আটক করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গয়েশপুর ইউনিয়নের চাকদাহ গ্রামের ইয়াকুব মণ্ডল ও স্থানীয় মাহমুদুল হাসান টিটো সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে রোববার বিকেলে লাঙ্গলবাঁধ বাজার হতে বাড়ি ফেরার সময় চাকদাহ গোরস্থান ব্রিজের কাছেখ পৌঁছালে ইয়াকুব মণ্ডলের সমর্থক মোফাজ্জল, রইচ শেখ, শরিফুল শেখ, হামিদুল শেখ, আহম শেখ মাহমুদুল হাসান টিটোর সমর্থক রাকিব শেখকে মারার জন্য ধাওয়া করে। এ ঘটনার পর রাত ৮টার দিকে ইয়াকুব মণ্ডলের সমর্থকরা টিটোর সমর্থকদের বাড়িঘরে হামলা চালায়। এ সময় মাহমুদুল হাসান টিটোর সমর্থক হাফিজার, আমিন উদ্দিন, পাঞ্জাব আলী, ওমর, কাসেম, ছাকেন, মিঠু, দুলাল, বক্কার, আকেন, আকমল, কালাম, মকবুল, কুরবান আলী, রূপচাঁদ, ইউসুফ মণ্ডল, জাকিরসহ অন্তত ২০টি বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ সময় মাহমুদুল হাসান টিটোর সমর্থক হামিদা বেগম (২৫) ও সুমি বেগম (৩৫) মারাত্মক আহত হন। তারা বর্তমানে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পাল্টা হামলায় মাহমুদুল হাসান টিটোর সমর্থকরা ইয়াকুব মণ্ডলের সমর্থক মিজানুর রহমান, হাসেম, তারিকুল, নায়েব আলী, নজির, শরিফুল শেখ, জামাল, হান্নান, ইয়াকুব, মিজান, শামসুসহ অন্তত ১৫টি বাড়িঘরে ব্যাপক ভাঙচুর লুটপাট।

শ্রীপুর থানার ওসি মো: শাহীন মিয়া বলেন, সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই এলাকা থেকে ১০ জনকে আটক করা হয়েছে। কোনো পক্ষই এ বিষয়ে অভিযোগ দাখিল করেনি। বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে।