পাপে থিয়াওকে বরখাস্ত করল সেনেগাল

Printed Edition

ক্রীড়া ডেস্ক

২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষ ৩২ থেকে বিদায় নেয়ার পর জাতীয় দলের প্রধান কোচ পাপে থিয়াওকে বরখাস্ত করেছে সেনেগাল ফুটবল ফেডারেশন (এফএসএফ)।

রোববার এক বিবৃতিতে এফএসএফ জানায়, জাতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্স এবং ভবিষ্যৎ সম্ভাবনার বিস্তারিত মূল্যায়নের পর সেনেগালের ফুটবলের স্বার্থে থিয়াওকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

২০২৪ সালের ডিসেম্বর থেকে সেনেগালের দায়িত্বে ছিলেন থিয়াও। তার অধীনে ২০২৬ বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে ফ্রান্স ও নরওয়ের কাছে হেরে যায় আফ্রিকার দলটি। তবে শেষ ম্যাচে ইরাককে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের গ্রুপের তৃতীয় স্থানে থেকে সেরা তৃতীয় হওয়া দলগুলোর একটি হিসেবে নকআউট পর্বে জায়গা করে নেয় তারা।

শেষ ৩২-এর ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকেও জয় ধরে রাখতে পারেনি সেনেগাল। নির্ধারিত সময়ের শেষ দিকে দু’টি গোল হজম করার পর অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে আরো একটি গোল খেয়ে ৩-২ ব্যবধানে নাটকীয়ভাবে বিদায় নিতে হয় দলটিকে।

বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার পর সেনেগালের মিডফিল্ডার পাপে গেই জানিয়েছিলেন, বর্তমান কোচিং স্টাফ দায়িত্বে থাকা পর্যন্ত তিনি জাতীয় দলের হয়ে খেলা থেকে বিরতি নেবেন।

এ দিকে থিয়াওর সময়ে সেনেগাল আরেকটি বড় বিতর্কেও জড়ায়। ২০২৫ আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনালে মরক্কোর বিপক্ষে যোগ করা সময়ে প্রতিপক্ষ পেনাল্টি পেলে প্রতিবাদ জানিয়ে তিনি দলকে মাঠ ছাড়তে নির্দেশ দেন। প্রায় ১৭ মিনিট পর খেলোয়াড়রা মাঠে ফিরে আসেন। সেই পেনাল্টি রুখে দিয়ে অতিরিক্ত সময়ে জয়সূচক গোল করে শিরোপা জিতেছিল সেনেগাল।

তবে পরে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (কাফ) ম্যাচের ফল বাতিল করে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করে।