নিজস্ব প্রতিবেদক
জাতীয় প্রেস ক্লাবে ব্রেস্ট ক্যান্সার সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি ও চিকিৎসা সুযোগ নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে চিকিৎসক, স্বাস্থ্য বিশেষজ্ঞ, নারী সংগঠন ও শিক্ষার্থীরা অংশ নেন।
জাতীয় প্রেস ক্লাব ও ‘আমরা নারী’ এবং ‘আমরা নারী রিসার্চ ডেভেলপমেন্ট’-এর উদ্যোগে ব্রেস্ট ক্যান্সারের ওপর সচেতনতামূলক এই সেমিনার ও চিকিৎসা সেবার আয়োজন করা হয়। এতে বিশেষজ্ঞ চিকিৎসকরা ছাড়াও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, ব্যবস্থাপনা কমিটির সদস্য বখতিয়া রানা, এ কে এম মহসীন, শাহনাজ পলি, মাসুমুর রহমান খলিলী উপস্থিত ছিলেন। সভায় বক্তারা ব্রেস্ট ক্যান্সারের প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ, নিয়মিত স্ক্রিনিং, জীবনধারার পরিবর্তন এবং সময়মতো চিকিৎসার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষজ্ঞরা বলেন, সচেতনতা বৃদ্ধি ও নিয়মিত চেকআপ ক্যান্সার রোগীদের মৃত্যুহার কমাতে ভূমিকা রাখতে পারে। সভায় উপস্থিতরা রোগীদের মানসিক সহায়তা, পরিবার ও সমাজের সহানুভূতিশীল ভূমিকা এবং স্বাস্থ্যসেবার সহজলভ্যতা নিশ্চিত করার বিষয়ে আলোচনার পাশাপাশি সচেতনতা কার্যক্রম আরো সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।


