সিলেট ব্যুরো
সিলেটের সড়কে দীর্ঘ হচ্ছে লাশের সারি। একের পর এক দুর্ঘটনায় ঝরছে প্রাণ। এর মধ্যে আগস্টে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিয়েছে। মাত্র এক মাসে বিভাগের চার জেলায় ৩৫টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪৭ জন। আহত হয়েছেন আরো ১২২ জন। অর্থাৎ, আগস্টে প্রতিদিন গড়ে দেড়জনের বেশি মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত হয়েছেন। এ মাসে প্রাণহানির সংখ্যা চলতি বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।
নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির প্রকাশিত আগস্ট মাসের সড়ক দুর্ঘটনার প্রতিবেদনে গতকাল প্রকাশিত তথ্য উঠে এসেছে।
নিসচার তথ্যমতে, আগস্টের এই ভয়াবহতার মধ্য দিয়ে গত আট মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬২ জনে। জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ২৩৯টি দুর্ঘটনায় আহত হয়েছেন ৫৭৯ জন। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে মে মাসে- ৫১ জন।
সিলেট-ঢাকা মহাসড়কেই ২৪ মৃত্যু :
নিসচার আগস্ট মাসের প্রতিবেদন সূত্রে জানা গেছে, ওই মাসে বিভাগে নিহত ৪৭ জনের মধ্যে ২৪ জনই মারা গেছেন সিলেট-ঢাকা মহাসড়কের সিলেট অংশে। এ মহাসড়কে ১০টি দুর্ঘটনায় এসব প্রাণহানি ঘটে। এর মধ্যে সিলেটের ওসমানীনগর উপজেলায় মাত্র তিনটি দুর্ঘটনাতেই প্রাণ গেছে ১৫ জনের।
জেলা হিসেবে সিলেটে ১৭টি দুর্ঘটনায় ২৭ জন নিহত ও ৬৯ জন আহত হয়েছেন। হবিগঞ্জে ৯টি দুর্ঘটনায় ১২ জন নিহত ও ২৯ জন আহত, সুনামগঞ্জে পাঁচটি দুর্ঘটনায় চারজন নিহত ও ২২ জন আহত এবং মৌলভীবাজারে চারটি দুর্ঘটনায় চারজন নিহত ও দু’জন আহত হয়েছেন।
আগস্টে নিহত ৪৭ জনের মধ্যে ৩৮ জন পুরুষ, ছয়জন নারী ও তিনজন শিশু। তাদের মধ্যে ১১ জন মোটরসাইকেল চালক ও আরোহী, ৯ জন সিএনজি ও টমটমের চালক-আরোহী, ১২ জন বিভিন্ন যানবাহনের চালক এবং সাতজন পথচারী। দুর্ঘটনার ধরন বিশ্লেষণেও উঠে এসেছে ভয়াবহ চিত্র। ১২টি মুখোমুখি সংঘর্ষে ২৭ জন নিহত হয়েছেন। এ ছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে যাওয়ার সাতটি ঘটনায় পাঁচজন এবং গাছ ও বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কায় একজন নিহত হয়েছেন।
জুলাইয়ে ৩১, ছয় মাসে মৃত্যু ১৮৪ :
গত জুলাইয়ে ২৮টি সড়ক দুর্ঘটনায় ৩১ জন নিহত ও ৭৫ জন আহত হন। জুনের তুলনায় জুলাইয়ে দুর্ঘটনা একটি কমলেও নিহত বেড়েছিল দুইজন এবং আহত বেড়েছিল ৩৯ জন। জুলাইয়ে নিহত ৩১ জনের মধ্যে ১৩ জনই ছিলেন মোটরসাইকেলের চালক বা আরোহী। এ মাসে সিলেটে ১৫ জন, সুনামগঞ্জে চারজন, মৌলভীবাজারে চারজন এবং হবিগঞ্জে আটজন নিহত হন।
জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে ১৬৬টি সড়ক দুর্ঘটনায় ১৮৪ জন নিহত ও ৩৮২ জন আহত হয়েছেন। জানুয়ারিতে ২৫টি দুর্ঘটনায় ২৫ জন নিহত ও ৩৫ জন আহত, ফেব্রুয়ারিতে ৩২টি দুর্ঘটনায় ৩২ জন নিহত ও ১৪৪ জন আহত, মার্চে ২৯টি দুর্ঘটনায় ৩২ জন নিহত ও ৪৪ জন আহত, এপ্রিলে ১৯টি দুর্ঘটনায় ১৫ জন নিহত ও ৫৮ জন আহত, মে মাসে ৪২টি দুর্ঘটনায় ৫১ জন নিহত ও ৬৫ জন আহত এবং জুনে ২৯টি দুর্ঘটনায় ২৯ জন নিহত ও ৩৬ জন আহত হন। আট মাসের হিসাবে মে মাসে সর্বোচ্চ ৫১ জন এবং আগস্টে দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ জন নিহত হয়েছেন।
বেপরোয়া গতি, ওভারটেকিংয়ে ঝরছে প্রাণ :
নিসচার প্রতিবেদনে সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, নিয়ম না মেনে বেপরোয়া ওভারটেকিং, অনুমোদনহীন ও ফিটনেসবিহীন যানবাহন মহাসড়কে চলাচল, মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করা, পথচারীদের অসচেতনতা এবং সড়ক নির্মাণের ত্রুটিকে উল্লেখ করা হয়েছে।
নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্যসচিব ও সিলেট জেলার সভাপতি জহিরুল ইসলাম মিশু জানান, কয়েকটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন সংবাদমাধ্যম, জাতীয় দৈনিক এবং নিসচার সিলেট বিভাগের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
তিনি বলেন, সড়কে মৃত্যুরোধে চালকদের বেপরোয়া ও প্রতিযোগিতামূলক গাড়ি চালানো বন্ধ করতে হবে। একইসাথে ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ, মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট ব্যবহারে বাধ্য করা এবং সড়কের ত্রুটি দ্রুত সংস্কার করা জরুরি।



