দেশের মাদরাসা শিক্ষাকে উচ্চশিক্ষা ও গবেষণার নতুন পর্যায়ে নিয়ে যেতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে এম.ফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রোববার বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. এ কে মুহা: নুরুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ভর্তির জন্য আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ অক্টোবর তারিখের মধ্যে বিশ^বিদ্যালয়ের নির্ধারিত ফর্মে আবেদন করতে পারবে।
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান বলেন, ইসলামি আরবি বিশ^বিদ্যালয়ের অধিভুক্ত মাদরাসা থেকে উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের জন্য গবেষণা ও উচ্চশিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হলো। গবেষণাধর্মী উচ্চশিক্ষার এ উদ্যোগ দেশের মাদরাসা শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক মানের গবেষণা ও জ্ঞানচর্চার সুযোগ সম্প্রসারণ করবে বলে মনে করেন তিনি। তিনি আরো বলেন, মাদরাসা শিক্ষাকে মূলধারার উচ্চশিক্ষা ও গবেষণার সাথে আরো কার্যকরভাবে সংযুক্ত করার মাধ্যমে মেধার বিকাশ ঘটিয়ে মাদরাসা শিক্ষার্থীদের দীর্ঘদিনের জ্ঞানচর্চাকে গবেষণামূলক কাঠামোতে রূপ দিয়ে বৈশ্বিক মানে উন্নীত করা সম্ভব হবে।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এম.ফিল প্রোগ্রামে ভর্তির জন্য প্রার্থীকে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফাজিল (স্নাতক) অনার্স/ফাজিল (স্নাতক) পাস/সমমান এবং কামিল (স্নাতকোত্তর)/সমমান পরীক্ষায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর অথবা জিপিএ ৫ স্কেলে ৩.৫০ কিংবা সিজিপিএ-৪ স্কেলে ৩.০০ অর্জন করতে হবে। এ ছাড়া দাখিল ও আলিম/সমমান পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ ৫ স্কেলে ৩.৫০ থাকতে হবে। বিদেশী শিক্ষার্থী কিংবা বিদেশী বিশ্ববিদ্যালয়ের সনদধারীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট সমতা বিধান কমিটির মাধ্যমে সনদের সমতা নিশ্চিত করতে হবে।
এতে আরো বলা হয়েছে, এম.ফিল প্রোগ্রামের মেয়াদ হবে দুই বছর। প্রথম পর্বে কোর্সওয়ার্ক এবং দ্বিতীয় পর্বে গবেষণাভিত্তিক থিসিস সম্পন্ন করতে হবে। প্রাথমিক বাছাইয়ের পর প্রার্থীদের লিখিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। গবেষণায় উৎসাহ প্রদানের লক্ষ্যে প্রতি শিক্ষাবর্ষে এম.ফিল প্রথম পর্বের ফলাফলের ভিত্তিতে মেধাতালিকা অনুযায়ী সর্বোচ্চ ১৫ জন গবেষককে ফেলোশিপ বা বৃত্তি প্রদান করা হবে। গবেষকের সংখ্যা ও অন্যান্য বিবেচনায় এ সংখ্যা পরিবর্তিত হতে পারে। এম.ফিল গবেষকদের পূর্ণকালীন শিক্ষার্থী হিসেবে অধ্যয়ন করতে হবে। চাকরিজীবী প্রার্থীদের আবেদনপত্রের সাথে নিজ প্রতিষ্ঠানের অনাপত্তিপত্র (এনওসি) দাখিল করতে হবে। ফেলোশিপপ্রাপ্ত গবেষকদের কোর্স চলাকালীন পূর্ণকালীন ছুটিতে থাকতে হবে। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের ক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এবং অন্যান্য প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে কমপক্ষে এক বছরের ছুটি গ্রহণ করে প্রোগ্রামে যোগদান করতে হবে।
উল্লেখ্য, ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iau.edu.bd) ও ভর্তি বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে। বিজ্ঞপ্তি।



