আশরাক আল-আওসাত
যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় একটি বিশেষ অর্থনৈতিক চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি নিচ্ছে ইরাক ও সিরিয়া। লন্ডনভিত্তিক মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম ‘আশরাক আল-আওসাত’-কে দেয়া পশ্চিমা, সিরীয় ও ইরাকি সূত্রের তথ্য অনুযায়ী, চলতি জুলাই মাসের মাঝামাঝি সময়ে ইরাকি প্রধানমন্ত্রী আলি আল-জাইদির ওয়াশিংটন সফরকালে এই চুক্তিটি সই হতে পারে। মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনবিরোধী জোট থেকে দেশ দু’টির সরে আসার এবং একটি নতুন আঞ্চলিক ব্লক গঠনের ইঙ্গিত দিচ্ছে এই উদ্যোগ।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, জুলাইয়ের মাঝামাঝিতে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানিও ওয়াশিংটন সফরে যাচ্ছেন। সেখানে হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরাকি প্রধানমন্ত্রী আল-জাইদির বৈঠকের পর, প্রধানমন্ত্রীর সফরের ফাঁকে ইরাকি কর্মকর্তাদের সাথে সিরীয় পররাষ্ট্রমন্ত্রীর একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। সিরিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত টম ব্যারাক বাগদাদ ও দামেস্কের মধ্যকার এই চুক্তির মধ্যস্থতা করছেন। এই কারিগরি ও রাজনৈতিক সমঝোতা সফল হলে পরবর্তীতে অন্যান্য আরব দেশও এতে যুক্ত হতে পারে। তবে আল-জাইদির সাথে সিরীয় কর্মকর্তাদের বৈঠকের বিষয়টি কোনো ইরাকি সূত্র সরাসরি নিশ্চিত বা অস্বীকার করেনি। অবশ্য পূর্ববর্তী ইরাকি সরকারের এক রাজনৈতিক উপদেষ্টা জানিয়েছেন, সিরিয়াকে অন্তর্ভুক্ত করে একটি আঞ্চলিক অর্থনৈতিক চুক্তির জন্য আল-জাইদির দল বিশেষ প্রস্তুতি নিচ্ছে। আগামী ১৫ জুলাই থেকে শুরু হতে যাওয়া চার দিনের সফরে আল-জাইদি মার্কিন প্রেসিডেন্ট, কংগ্রেসের রিপাবলিকান ও ডেমোক্র্যাট নেতা এবং তেল কোম্পানিগুলোর প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন। এরপর তিনি টেক্সাসে গিয়ে বড় বড় জ্বালানি প্রতিষ্ঠানের সাথেও আলোচনায় বসবেন।



