রাজশাহীতে নারীকে প্রকাশ্যে পিটিয়ে জখম, স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগ

Printed Edition

রাজশাহী ব্যুরো

রাজশাহী মহানগরীর মতিহার থানার বাজে কাজলা এলাকায় পূর্ব বিরোধের জেরে এক নারীর ওপর সঙ্ঘবদ্ধ হামলা, বসতবাড়িতে ভাঙচুর, লুটপাট এবং স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গতকাল বিকেলে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন মোসা: শিলা খাতুন (৩৮) নামে ওই নারী। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবিতে তিনি রোববার মতিহার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত বক্তব্যে শিলা খাতুন জানান, এলাকার একটি রাস্তা সংস্কারের অংশ হিসেবে ইটের সুরকি দেয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সাথে তাদের বিরোধ চলছে। এরই জেরে গত ২০ জুন সকালে তার পরিবারের সদস্যদের ওপর হামলা করা হয়।

তার দাবি, ওইদিন সকাল ৯টার দিকে বাজে কাজলা এলাকায় মো: খাজদার আলীর বাড়ির সামনে তার ভাগনে মো: বাপ্পীকে মারধর করা হয়। অভিযুক্তদের মধ্যে পারভেজ আলী স্বপন, তার ভাই রিপন আলী, ছেলে শাহি এবং আরো কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি ছিলেন। হামলায় বাপ্পী গুরুতর আহত হলে তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।

শিলা খাতুন বলেন, ঘটনার পর তিনি কর্মস্থলে চলে গেলে অভিযুক্তরা তার অনুপস্থিতির সুযোগ নেয়। একই দিন দুপুরে তারা সঙ্ঘদ্ধভাবে তার বাড়িতে এসে ভাঙচুর ও হামলা চালায়। বাড়িতে স্থাপিত সিসিটিভি ক্যামেরার মাধ্যমে তিনি ঘটনাটি প্রত্যক্ষ করেন বলে দাবি করেন।

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত পারভেজ আলী স্বপন বলেন, যে সময়ের কথা বলা হচ্ছে তখন আমি ঘটনাস্থলে ছিলাম না। আমি রাজশাহী মেডিক্যাল কলেজে ছিলাম। আমরা কারো গায়ে হাত তুলিনি বরং তারা আমার ভাইকে মেরে হাসপাতালে পাঠিয়েছেন। এ বিষয়ে আমি সংবাদ সম্মেলন করতে চাই বলে জানান তিনি।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বলেন, শুধু শিলা খাতুন নয়, তার প্রতিপক্ষও একটি অভিযোগ করেছেন। আমরা দুটো অভিযোগ আমলে নিয়ে কাজ করছি। ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে যিনি দোষী তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।