হাম ও উপসর্গে মৃত্যু ৯৩০ জনে পৌঁছেছে

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

দেশে শুক্রবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে পাঁচ মাসে এই রোগে মোট মৃত্যু ৯৩০ জনে পৌঁছেছে। সর্বশেষ মারা যাওয়াদের মধ্যে একজন ঢাকা বিভাগে এবং অপরজন সিলেট বিভাগের। তবে এ সময় কারো নিশ্চিত হামে মৃত্যু হয়নি। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

একই সময় নতুন করে নতুন করে হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছেন ৮৮০ জন। এরমধ্যে ৮১৫ জনের দেহে হামের উপসর্গ মিলেছে। আর হাম শনাক্ত হয়েছে ৬৫ জনের। এ ছাড়া নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৫৮ শিশু, আর সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৫৯৩ শিশু।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গ নিয়ে গতকাল পর্যন্ত সারা দেশে মোট ৯৩০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯৯ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৮৩১ জন।

একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে এক লাখ ৪৮ হাজার ৪০৬ জনের। আর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ১৮ হাজার ২৭৩ জন। মোট হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে এক লাখ ৬৬ হাজার ৬৭৯ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ২৯ হাজার ৫৮৩ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছে এক লাখ ২৫ হাজার ১৫১ জন।

চলতি বছরে হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪২৯ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ১১২, রাজশাহীতে ৯৫, ময়মনসিংহে ৭৬, চট্টগ্রামে ৭৩, বরিশালে ৬৭, খুলনায় ৩৩ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।

সিলেটে মৃত্যু বেড়ে ১৪২ জনে পৌঁছেছে

সিলেট ব্যুরো জানায়, সিলেটে হামের ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১০ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪২ জনে। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা এক হাজার ছাড়িয়ে এক হাজার চারজনে পৌঁছেছে। পাশাপাশি বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩২৬ জন সন্দেহজনক হাম রোগী।

গতকাল এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।

এ দিকে গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া আট মাসের শিশু রুহির সুনামগঞ্জের দিরাই উপজেলার বাসিন্দা।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ হিসাবে, চলতি বছরে হাম ও উপসর্গে মারা যাওয়া ১৪২ জনের মধ্যে নিশ্চিত হাম রোগে মৃত্যু হয়েছে ১০ জনের। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ১৩২ জন।

জেলাভিত্তিক হিসাবে, এ পর্যন্ত সিলেটে ৫৫, হবিগঞ্জে ১৮, মৌলভীবাজারে ১৩ এবং সুনামগঞ্জে ৫৬ জনের মৃত্যু হয়েছে।