কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম দেখে এমপির ক্ষোভ

Printed Edition

নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে নানা অব্যবস্থাপনা ও অনিয়ম দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। গত বৃহস্পতিবার দুপুরে তিনি হাসপাতালটি পরিদর্শনে যান।

পরিদর্শনকালে সংসদ সদস্য রোগীদের সাথে কথা বলে জানতে পারেন, সরকারি ওষুধ মজুদ থাকা সত্ত্বেও অনেক রোগীকে বাইরে থেকে ওষুধ কিনতে বাধ্য করা হচ্ছে। এ ছাড়া সরকারি অ্যাম্বুলেন্স সেবা না দিয়ে রোগীদের বেসরকারি বা ভাড়ায় চালিত অ্যাম্বুলেন্স ব্যবহারে উৎসাহিত করার মতো গুরুতর অভিযোগ হাতেনাতে ধরা পড়ে। এসব বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা: পার্থ প্রতীম বিশ্বাসের কাছে জবাব চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

হাসপাতালের এমন চিত্র দেখে ক্ষুব্ধ বিশ্বাস জাহাঙ্গীর আলম এমপি বলেন, কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এটিই আমার প্রথম পরিদর্শন। এখানে এসে যেসব অনিয়ম ও অব্যবস্থাপনা দেখতে পেলাম, তা অত্যন্ত দুঃখজনক। আমি ভবিষ্যতে আর কোনো অনিয়ম দেখতে চাই না। রোগীদের সেবার মান নিশ্চিত করতে হবে এবং সরকারি সুযোগ-সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাতে হবে। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করে দিয়ে সেবার মান দ্রুত উন্নয়নের নির্দেশ দেন।

পরিদর্শনকালে এমপির সাথে আরো উপস্থিত ছিলেন- কালিয়া ইউএনও জিন্নাতুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শোয়াইব এবং কালিয়া থানার ওসি ইদ্রিস আলীসহ সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সরা। এ ঘটনায় সাধারণ রোগীদের মধ্যে কিছুটা স্বস্তি দেখা গেলেও হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।