জর্দানের পররাষ্ট্রমন্ত্রীর কড়া সমালোচনা আরাকচির

Printed Edition

তাসনিম নিউজ এজেন্সি

বেশ কয়েক দিন ধরে উত্তেজনার মধ্যেই ইরানের নতুন করে যুক্তরাষ্ট্রের হামলার ইস্যুতে জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদির মন্তব্যের কড়া সমালোচনা করেছেন আব্বাস আরাকচি। তিনি পাল্টা প্রশ্ন তুলেছেন, দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনকারী কোনো আগ্রাসী শক্তির বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার আগে তেহরানের কতক্ষণ অপেক্ষা করতে হবে।

গতকাল শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরবি ভাষায় এক্সে দেয়া পোস্টে এ মন্তব্য করেন। জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি দাবি করেছিলেন, ওয়াশিংটনের হামলার দুই ঘণ্টার মধ্যেই ইরান জর্দান ও ওই অঞ্চলের অন্যান্য দেশে হামলা চালিয়েছিল। তাই ইরানের এ হামলাকে কোনোভাবেই পাল্টা ব্যবস্থা হিসেবে গণ্য করা যায় না।

আরাকচি এ যুক্তি প্রত্যাখ্যান করেন এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রাথমিক হামলার সময় আরব দেশগুলোর আকাশসীমা, ভূখণ্ড ও নৌসীমা ব্যবহারের বিষয়টি তুলে ধরেন। আরাকচি প্রশ্ন রাখেন, জর্দানের পররাষ্ট্রমন্ত্রীর মতে, এমন কোনো আগ্রাসীর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার আগে ইরানের আর কতক্ষণ অপেক্ষা করা উচিত। আগ্রাসী আরব রাষ্ট্র কিংবা ইরান কারো সার্বভৌমত্বেরই তোয়াক্কা করে না? ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, সাফাদি কি সত্যিই জানেন না, যুক্তরাষ্ট্রের সে প্রাথমিক হামলাগুলোর সময় আরব দেশগুলোর আকাশসীমা, ভূখণ্ড ও জলসীমা ব্যবহার করা হয়েছিল।