সেনা নিহতের তথ্য গোপন

মোদিকে ক্ষমা প্রার্থনার দাবি কংগ্রেসের

Printed Edition

টেলিগ্রাফ ইন্ডিয়া ও টিআরটি ওয়ার্ল্ড

গত বছরের মে মাসে পাকিস্তানের সাথে চার দিনের রক্তক্ষয়ী সঙ্ঘাতে নিহত ভারতীয় সেনাসদস্যদের প্রকৃত তথ্য গোপনের অভিযোগে ক্ষমতাসীন নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে তীব্র সোচ্চার হয়েছে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস। এই ইস্যুতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের পদত্যাগ দাবি করার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে দলটি।

জানা গেছে, ২০২৫ সালের মে মাসে পাকিস্তানের সাথে সঙ্ঘাতের সময় পরিচালিত ‘অপারেশন সিঁদুর’-এ হতাহতের তথ্য নিয়ে দেশটির সংসদকে বিভ্রান্ত করার অভিযোগ উঠেছে প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে। মোদি সরকারের দাবি, এক বছর আগের ওই চার দিনের যুদ্ধে ভারতের মোট ছয়জন সেনাসদস্য নিহত হয়েছিলেন, যার মধ্যে সেনাবাহিনীর পাঁচজন এবং বিমানবাহিনীর একজন সদস্য রয়েছেন। তবে কংগ্রেসের সেনাসদস্যবিষয়ক বিভাগের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল রোহিত চৌধুরী এবং অবসরপ্রাপ্ত উইং কমান্ডার অনূমা আচার্য এক যৌথ সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, এই ছয় সেনাসদস্যের মৃত্যুর তথ্য দীর্ঘকাল গোপন রেখে সরকার তাদের প্রাপ্য রাষ্ট্রীয় স্বীকৃতি ও সম্মান থেকে বঞ্চিত করেছে। নিহত সেনাসদস্যদের নাম প্রকাশ করতে সরকারের কেন ১৩ মাস সময় লাগল, সেই প্রশ্নও তোলেন তারা।