দিনাজপুরে থানা ঘেরাও ত্রিমুখী সংঘর্ষ

Printed Edition

দিনাজপুর প্রতিনিধি

নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের শ্রমিক নেতা শেখ বাদশাকে গ্রেফতারের প্রতিবাদে দিনাজপুর কোতোয়ালি থানা ঘেরাও ও সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে কোতোয়ালি থানা ঘেরাও কর্মসূচি চলাকালে শ্রমিকদের দু’টি পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ছয়জন শ্রমিক আহত হয়েছেন।

অবরোধের কারণে সকাল থেকে দিনাজপুরের সবকটি রুটে দূরপাল্লার বাসসহ অভ্যন্তরীণ যান চলাচল বন্ধ রয়েছে। শহরের সরকারি কলেজ মোড়, ফুলবাড়ী বাসস্ট্যান্ড ও বালুয়াডাঙ্গা টেম্পো স্ট্যান্ডসহ বিভিন্ন প্রবেশপথে বাস ফেলে ব্যারিকেড তৈরি করে রাখা হয়েছে। এতে গোটা শহরে তীব্র যানজট তৈরি হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও পথচারীরা। গত ৫ আগস্টের একটি মামলায় গত বুধবার রাত ৯টার দিকে শেখ বাদশাকে গ্রেফতার করা হয়। খবরটি ছড়িয়ে পড়ার পর রাত থেকেই আন্দোলনে নামেন পরিবহন শ্রমিকরা।

আন্দোলনরত শ্রমিকদের দাবি, শেখ বাদশাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। মুক্তি না দেয়া পর্যন্ত সড়ক অবরোধ প্রত্যাহার করা হবে না। দাবি মানা না হলে উত্তরবঙ্গসহ সারা দেশে পরিবহন ধর্মঘটের মাধ্যমে অচল করে দেয়ার হুঁশিয়ারি দেন তারা। বর্তমানে যেকোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে কোতোয়ালি থানা এলাকায় কঠোর ও সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।