দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা
পটুয়াখালীর দশমিনায় তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদীর ভয়াবহ ভাঙন প্রতিরোধে স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন করেছে সর্বস্তরের জনগণ। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় উপজেলার সদর ইউনিয়নের হাজীর হাট লঞ্চঘাট এলাকায় ভাঙনের শিকার নারী-পুরুষ, শিক্ষক- শিক্ষার্থী ও বিভিন্ন পেশা শ্রেণীর লোকজন মানববন্ধনে অংশ নেয়।
বক্তব্য রাখেন-বাংলাদেশ ইসলামী আন্দোলন দশমিনা শাখার উপদেষ্টা আজবাহার প্যাদা, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক হাওলাদার, দশমিনা সদর ইউনিয়নের গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান, হাজীর হাট বাইতুল ফজল জামের মসজিদের ইমাম হাজেজ কারি ওবায়দুল্লা, হাজীর হাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন সিপাই ও সদর ইউনিয়ন পরিষদের সদস্য হাবিবুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, গত কয়েক বছরের অব্যাহত তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদীর ভাঙনে ফসলি জমি, বসতবাড়ি ও পাকা সড়কসহ বহু স্থপনা নদীতে বিলীন হয়ে গেছে। এলাকার প্রায় প্রতিটি পরিবার চার-পাঁচবার নদীভাঙনের শিকার।। সহায় সম্পত্তি হারিয়ে অনেকে এখন ছিন্নমূল। সম্প্রতি আবার নদীভাঙন তীব্রতর হয়েছে। অস্থায়ী কোন কাজ না করে ভাঙন প্রতিরোধে স্থায়ী বাঁধের দাবি জানান তারা।



