ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের সাবেক ডিন ও ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের সদ্য অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো: আবদুর রশীদকে ঘিরে শিক্ষক মহলে নতুন আলোচনা শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, অবসরে যাওয়ার তিন মাস আগেই তাকে ইমেরিটাস অধ্যাপক করার সুপারিশের জন্য অ্যাকাডেমিক কমিটির সভায় এজেন্ডাভুক্ত করা হয়। পাশাপাশি তার বিরুদ্ধে গবেষণা প্রকাশনায় অনিয়ম ও নিয়োগ বোর্ডে অনিয়মের পুরনো অভিযোগও নতুন করে সামনে এসেছে।
বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী, শিক্ষা ও গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে অবসরপ্রাপ্ত স্বনামধন্য অধ্যাপকদের ইমেরিটাস পদ দেয়া হয়। অ্যাকাডেমিক কমিটি বা ডিন কমিটির সুপারিশ ও সিন্ডিকেটের অনুমোদনের মাধ্যমে এই পদ দেয়া হয় এবং সাধারণত ৬৫ বছর বয়সে অবসরের পর বিষয়টি বিবেচনায় নেয়া হয়।
অভিযোগ রয়েছে, গত বছরের ৩১ ডিসেম্বর অবসরে যাওয়া অধ্যাপক রশীদকে ইমেরিটাস অধ্যাপক করার লক্ষ্যে তিন মাস আগে সেপ্টেম্বরেই অ্যাকাডেমিক সভার এজেন্ডাভুক্ত করা হয়, যখন তিনি বিশ্ববিদ্যালয়ের কর্মরত শিক্ষক ছিলেন। শিক্ষক মহলের একাংশ বলছেন, এটি বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মের সাথে সাংঘর্ষিক। জানা গেছে, ২০২৫ সালের ১ সেপ্টেম্বর বিভাগের একাডেমিক কমিটির ২২৪তম সভায় এ বিষয়ে আলোচনা হয় এবং পরদিন ২ সেপ্টেম্বর ফার্মেসি অনুষদের ডিনস কমিটির ১০৪তম সভায় সুপারিশ পাঠানো হয়। পরবর্তীতে উপাচার্যের কাছেও সুপারিশ পাঠানো হয়েছে বলে জানা গেছে।



