ভিডিও ভাইরাল

গাজীপুরে নিষিদ্ধ যুবলীগের মিছিল থেকে পুলিশকে হুমকি

Printed Edition

গাজীপুর জেলা প্রতিনিধি

গাজীপুর মহানগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের একটি ঝটিকা বিক্ষোভ মিছিল থেকে কর্তব্যরত পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে প্রকাশ্যে হুমকিমূলক সেøাগান দেয়ার অভিযোগ উঠেছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা কোনো দৃশ্যমান পদক্ষেপ না নেয়ায় তাদের ভূমিকা নিয়ে সাধারণ মানুষের মনে তীব্র ক্ষোভ ও প্রশ্ন দেখা দিয়েছে। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে জেলাজুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং দলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে গতকাল রোববার সকাল ৬টার দিকে গাজীপুর মহানগরীর বাসন থানাধীন কলম্বিয়া এলাকা থেকে যুবলীগের নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিলটি বের করে। মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হয়ে মালেকের বাড়ি এলাকায় গিয়ে শেষ হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মিছিলটি যখন মহাসড়ক দিয়ে যাচ্ছিল, তখন সেখানে গাছা থানার দু’জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছিলেন। একপর্যায়ে পুলিশ সদস্যরা মিছিলের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে মিছিল থেকে এক ব্যক্তিকে উচ্চস্বরে বারবার বলতে শোনা যায়, ‘এই একটাও সামনে আবি না, মাইরালামু, মাইরালামু।’ একই সাথে মিছিলে অংশ নেয়া নেতাকর্মীরা ‘শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, যুবলীগের অ্যাকশন’ বলে উচ্চকণ্ঠে সেøাগান দিতে থাকে।

নিষিদ্ধ সংগঠনের ব্যানারে প্রকাশ্যে এমন উসকানিমূলক কর্মসূচি পালন এবং দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশে প্রকাশ্য দিবালোকে হুমকিসূচক বক্তব্য প্রদানের ঘটনাটি সাধারণ মানুষকে স্তম্ভিত করেছে। ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর পুলিশের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা দেখা দিয়েছে। নেটিজেনদের অনেকেই প্রশ্ন তুলেছেন, প্রকাশ্যে অস্ত্রের মুখে বা এভাবে হুমকি দিয়ে সেøাগান ও কর্মসূচি চললেও কেন পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে কোনো প্রতিরোধ গড়ে তোলেননি বা ব্যবস্থা নেননি।

এ বিষয়ে জানতে চাওয়া হলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ জানান, ভিডিওতে হুমকিমূলক বক্তব্য প্রদানকারী ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে পুরো বিষয়টি ইতোমধ্যে পুলিশের উচ্চপর্যায়ের নজরে এসেছে। ওসি আরো বলেন, ভাইরাল হওয়া ভিডিও ফুটেজসহ অন্যান্য তথ্য-উপাত্ত অত্যন্ত গুরুত্বের সাথে যাচাই-বাছাই করা হচ্ছে। এই ধৃষ্টতার সাথে জড়িত এবং মিছিলে নেতৃত্ব দেয়া সংশ্লিষ্ট ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।