নিয়ন্ত্রণে আসছে স্পেনের দাবানল

Printed Edition

এএফপি

স্পেনের দক্ষিণাঞ্চলে অন্তত ১২ জনের প্রাণ কেড়ে নেয়া ভয়াবহ দাবানল গতকাল রোববার অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। এই দাবানলের কারণে কয়েক শ’ বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়, তবে তারা এখন বাড়ি ফিরতে শুরু করেছেন। একই সাথে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে কাজ চালিয়ে যাচ্ছেন দমকলকর্মীরা। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানান।

আঞ্চলিক জরুরি সেবা প্রধান আন্তোনিও সান্স শনিবার রাতে জানান, আলমেরিয়া প্রদেশের আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে সরিয়ে নেয়া প্রায় দেড় হাজার মানুষের মধ্যে প্রায় ৬০০ জনকে বাড়ি ফেরার অনুমতি দেয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে দমকলকর্মীরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আন্দালুসিয়া আঞ্চলিক সরকারের এক বিবৃতিতে সান্স বলেন, ‘আজকের অভিযান ও আগুনের বিস্তৃত অংশ স্থিতিশীল হওয়ায় এসব ব্যবস্থা নেয়া সম্ভব হয়েছে। সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফেরার দিকেই এগিয়ে যাওয়া হচ্ছে।’

শনিবার আবহাওয়ার উন্নতির কারণে পরিস্থিতিরও উন্নতি হয়েছে। বাতাসে আর্দ্রতা বেড়ে যাওয়ায় দমকলকর্মীরা আগুনের ওপর সরাসরি অভিযান চালানোর সুযোগ পান। বিচারমন্ত্রী ফেলিক্স বোলানিওস শনিবার বলেন, অনুকূল বাতাস ও আর্দ্রতার সুযোগ কাজে লাগিয়ে দাবানল নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন।

তিনি বলেন, শনিবার আগুন আর নতুন করে ছড়ায়নি। ফলে ক্ষতিগ্রস্ত এলাকার পরিমাণ প্রায় ছয় হাজার ৬০০ হেক্টরেই স্থির রয়েছে।

প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের আজ সোমবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।