ইরাকের নতুন প্রেসিডেন্ট নিজার আমেদি

Printed Edition
ইরাকের নতুন প্রেসিডেন্ট নিজার আমেদি
ইরাকের নতুন প্রেসিডেন্ট নিজার আমেদি

আলজাজিরা

ইরাকের পার্লামেন্ট নিজার আমেদিকে দেশের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছে। এই নির্বাচনের মাধ্যমে দেশটির দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটল, যা সরকার গঠনের প্রক্রিয়াকে পঙ্গু করে দিয়েছিল। প্যাট্রিয়টিক ইউনিয়ন অব কুর্দিস্তান (পিইউকে) থেকে মনোনীত আমেদি শনিবার দ্বিতীয় দফার ভোটে ২২৭টি ভোট পেয়ে জয়ী হন। তিনি স্বতন্ত্র প্রার্থী মুসান্না আমিন নাদেরকে অনায়াসে পরাজিত করেন, যিনি মাত্র ১৫টি ভোট পেয়েছেন। ২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন আক্রমণে সাদ্দাম হোসেনের পতনের পর তিনি ইরাকের ষষ্ঠ রাষ্ট্রপ্রধান হলেন।

ভোটের পর পার্লামেন্টে দেয়া বক্তব্যে আমেদি আগামীর চ্যালেঞ্জগুলো স্বীকার করে নেন। তিনি বলেন, ‘আমাদের দেশ যে বিশাল চ্যালেঞ্জের সম্মুখীন, সে সম্পর্কে আমি পুরোপুরি সচেতন।’ তিনি সরকারের তিনটি শাখার সাথে একযোগে কাজ করার অঙ্গীকার করেন এবং ‘ইরাক ফার্স্ট’ (সবার আগে ইরাক) নীতিতে অবিচল থাকার প্রতিশ্রুতি দেন। ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইল যুদ্ধ চলাকালীন ইরাককে লক্ষ্য করে চালানো হামলারও নিন্দা জানান তিনি।

২০০৩ সালে ওয়াশিংটনের আক্রমণের পর প্রবর্তিত ইরাকের সাম্প্রদায়িক ক্ষমতা-ভাগাভাগি ব্যবস্থা অনুযায়ী, প্রধানমন্ত্রীকে অবশ্যই শিয়া মুসলিম, সংসদীয় স্পিকারকে সুন্নি এবং প্রেসিডেন্টকে একজন কুর্দি হতে হয়। বাগদাদ থেকে আলজাজিরার মাহমুদ আবদুল ওয়াহেদ জানিয়েছেন যে, ডিসেম্বরের শুরুতে পার্লামেন্টের প্রথম অধিবেশনের ৩০ দিনের মধ্যে দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া উচিত ছিল, কিন্তু এই ভোট বেশ কয়েকবার স্থগিত করা হয়েছিল।