ভোট না দিলে ‘নরকের হুঁশিয়ারি’ ট্রাম্পের

Printed Edition

আনাদোলু এজেন্সির

যুক্তরাষ্ট্রের আসন্ন নভেম্বরের মধ্যবর্তী (মিডটার্ম) নির্বাচনে রিপাবলিকান সমর্থকদের স্বতঃস্ফূর্তভাবে ভোট দেয়ার জোরালো আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমর্থকদের উদ্দেশ্যে তিনি সতর্ক করে বলেন, ভোট না দিলে তাদের ‘নরকে যেতে হবে’। গত বৃহস্পতিবার টেক্সাসের ডালাসে আয়োজিত রিপাবলিকান পার্টির সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে ট্রাম্প এই মন্তব্য করেন।

সম্মেলনে দলীয় ভোটার উপস্থিতি নিশ্চিত করার ওপর জোর দিয়ে ট্রাম্প উপস্থিত জনতাকে স্বজন ও বন্ধুদের ভোটকেন্দ্রে নিয়ে যাওয়ার শপথ করান। ভাষণে প্রতিপক্ষ ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ব্যালট জালিয়াতির অভিযোগ তুলে ট্রাম্প দাবি করেন, মাত্র ১৯ মাসে তার প্রশাসন দেশকে ‘অন্ধকার যুগ’ থেকে ‘সোনালি যুগে’ উত্তরণ ঘটিয়েছে। শেয়ারবাজারের গতি, কম দামে ওষুধ সরবরাহ, সামরিক খাতে অতিরিক্ত বরাদ্দ এবং অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে নেয়া পদক্ষেপগুলোকে তিনি নিজের বড় সাফল্য হিসেবে তুলে ধরেন। ডেমোক্র্যাটরা জয়ী হলে টেক্সাসের তেল ও গ্যাস শিল্প ধ্বংস হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

ট্রাম্পের বক্তব্যের আগে সম্মেলনে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সমর্থকদের সিনেট ও প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।